পটুয়াখালীতে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতির পদত্যাগের দাবীতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। এ ঘটনায় আজ সকালে বিদ্যালয় ভবনসহ সকল ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে তারা। উদ্বুত পরিস্থিতিতে প্রধান শিক্ষকসহ একাধিক শিক্ষক গত এক সপ্তাহ ধরে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। এর আগে গত ২২ জানুয়ারি থেকে টানা ক্লাস বর্জন, মানববন্ধন, বিক্ষোভ মিছিল, অনশন শেষে আজ বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিলো শিক্ষার্থীরা।
স্থানীয় একাধিক নির্ভরযোগ্য সুত্র জানায়, পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের আবদুল ছাত্তার স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি জসিম উদ্দিনের পদত্যাগের দাবিতে ক্লাস বর্জনসহ আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এ ঘটনায় আন্দোলনকারী শিক্ষার্থীসহ ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়াম্যানকে আসামী করে একটি হয়রানী মুলক মামলা দায়ের করেন এডহক কমিটির সভাপতি জসীম উদ্দীন।
শিক্ষার্থী ও সাবেক চেয়ারম্যানের নামে মামলা দায়ের করায় ক্ষোভে ফুসে ওঠে স্থানীয় অভিভাবক, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।
গত ২১ জানুয়ারি সভাপতির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা অনশন ও ধর্মঘট কর্মসূচি শুরু করলে বিদ্যালয় পরিদর্শনে আসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপারভাইজার অনাদি কুমার বাহাদুর। এ সময় শিক্ষক মিলনায়তনে অন্যান্য শিক্ষকদের সাথে তাকে তালাবদ্ধ করে অবরুদ্ধ রেখে সভাপততির পদত্যাগের দাবিতে শ্লোগান দেয় শিক্ষার্থীরা। প্রায় এক ঘন্টা অবরুদ্ধ রাখার পরে শিক্ষক মিলনায়তনে তালা খুলে দেয় শিক্ষার্থীরা।
এ বিষয়ে জানতে চাইলে একাডেমিক সুপারভাইজার অনাদি কুমার বাহাদুর গনমাধ্যমকে বলেন, অফিস কক্ষে অবস্থানকালে শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে তালা দিয়েছে। পরে তারাই খুলে দিয়েছে। সভাপতির পদত্যাগ দাবিতে শিক্ষার্থীরা একটি লিখিত আবেদন দিয়েছেন। শিক্ষা বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান বলেন, চরমোন্তাজ আবদুল ছাত্তার স্কুল এন্ড কলেজের এডহক কমিটি নিয়ে সৃষ্ট অচলাবস্থা সম্পর্কে উর্ধ্বতণ কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তিনি আরও জানান, উপজেলা একাডেমিক সুপারভাইজার রুটিন পরিদর্শনে গিয়েছিলেন। তার অবরুদ্ধ হওয়ার বিষয়টি অতিরঞ্জিত।
উল্লেখ্য, সম্প্রতি ঘোষিত এডহক কমিটির সভাপতি জসিম উদ্দিনের পদত্যাগ দাবিতে গত ২২ জানুয়ারি থেকে ক্লাস বর্জন করে ধর্মঘট কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, এই প্রতিষ্ঠানে পড়ালেখা অবস্থায় এক শিক্ষকে লাঞ্ছিত করে জসিম উদ্দিন বহিষ্কার হয়েছিলেন। তাই তাকে কেউ মেনে নিবে না। তারা সভাপতির পদত্যাগের দাবীতে আল্টিমেটাম দিয়ে আসছিলো। দাবী বাস্তবায়ন না হওয়ায় আজ বুধবার অনির্দিষ্টকালের জন্য বিদ্যালয়ের সকল ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা।
বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ