দেশের খবর

বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন হারিকেন এলাকায় বকেয়া পাওনার দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা। রোববার (১০ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টা থেকে শ্রমিকদের এ অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় দীর্ঘ যানজট। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার ফাহিম আশজাদ জানান, সেলফ ইনোভেটিভ ফ্যাশন লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা তাঁদের বকেয়া পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করেন। রাত সাড়ে ১১টা পর্যন্ত অবরোধ চলছিল, পুলিশ শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, গাছা থানাধীন হারিকেন এলাকার কারখানাটিতে প্রায় ১৫০ জন শ্রমিক কাজ করেন। সাব-কন্ট্রাক্টের ভিত্তিতে পরিচালিত এই পোশাক কারখানার শ্রমিকদের সার্ভিস বোনাসসহ বিভিন্ন বকেয়া পাওনা রয়েছে, যা নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ চলছিল।

তিনি আরও জানান, শ্রমিকদের পাওনা পরিশোধ নিয়ে রোববার গাজীপুরের টঙ্গীতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উদ্যোগে একটি ত্রিপক্ষীয় সভা অনুষ্ঠিত হয়। তবে আলোচনায় কোনো কার্যকর সিদ্ধান্ত না আসায় শ্রমিকরা অসন্তুষ্ট হয়ে মহাসড়ক অবরোধ করেন।

পুলিশ ও শিল্প পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চালান। শ্রমিকদের সঙ্গে আলোচনা চলমান রয়েছে এবং দ্রুতই যান চলাচল স্বাভাবিক হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

 

বায়ান্ন/এএস



সম্পর্কিত খবর