দেশের খবর

বাংলাদেশ ফ্যাসিস্টমুক্ত হলেও জনপ্রত্যাশা পূরণ হয়নি: আমানউল্লাহ আমান

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে বলেন, ‘দীর্ঘ ১৬ বছরের আন্দোলন ও ছাত্র-জনতার অভ্যুত্থানে হাজার হাজার প্রাণের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিস্টমুক্ত হলেও জনপ্রত্যাশা পূরণ হয়নি। অন্তর্বর্তী সরকার সংস্কারের কথা বলছে, যে সংস্কার বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেক আগেই প্রথম ও পরে ৩১দফায় দিয়েছেন। জনগণের প্রত্যাশা রোডম্যাপের মাধ্যমে বাংলাদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন হবে। সংসদ নির্বাচন অবশ্যই ডিসেম্বরের মধ্যে হতে হবে। তারপর গণতান্ত্রিক সরকার হবে। সেই সরকার রাষ্ট্র পরিচালনা করবে।

বৃহস্পতিবার বেলা ১১টায় বিএনপি’র খুলনা বিভাগের শীর্ষ নেতাদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দলের বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি আরো বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতায় থেকে হত্যা, গুম ও নির্যাতন করেছেন। বিএনপি নেতা ইলিয়াস আলী, ছাত্রনেতা সুমনসহ হাজার হাজার নেতা-কর্মী গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। ৫৭ জন সেনা হত্যাই হাসিনার ৫৭ বার ফাঁসি হবে। অন্য হত্যা, গুম ও খুনতো বাকি থাকলো। আ’লীগের অবৈধ এমপি, মন্ত্রী কেউ ছাড় পাবে না, সবাই বিচারের আওতায় আসবে।

খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডুর সঞ্চালনায় সভায়, বিএনপি’র কেন্দ্রীয় নেতা হাবীবুর রহমান হাবীব, গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা, জেলা আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু, মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনসহ খুলনা বিভাগের পাঁচ জেলার দলটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ

 



সম্পর্কিত খবর