বান্দরবান সদর উপজেলার পৌর এলাকার ৭নং ওয়ার্ডের আর্মি পাড়া এলাকায় উপজেলা পরিষদ সীমানা সংলগ্ন একটি গেইট বন্ধ করে জনসাধারণের চলাচলের পথ রোধ এবং পুকুরের পানি ব্যবহারে নিষেধাজ্ঞার বিরুদ্ধে সাধারণ জনগণ উপজেলা ভবন ঘেরাও কর্মসূচি পালন করেছে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে আর্মি পাড়া, শেরে বাংলা নগরসহ পাশ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন শত শত মানুষ সদর উপজেলার এই চলাচলের রাস্তা ও আর্মি পাড়া পুকুর ব্যবহার করে আসছেন। সম্প্রতি উপজেলা এই গেইটটি বন্ধ করে দেয়ায় রাস্তায় চলাচলে ভোগান্তিতে পড়তে হচ্ছে এলাকাবাসীকে।
এরই প্রেক্ষিতে, বৃহস্পতিবার (১৯ জুন) সকালে হোটেল প্লাজা সংলগ্ন উপজেলা পুকুর পাড় এলাকায় একটি ছোট পকেট গেইটে দেয়াল নির্মাণ কাজ শুরু হয়। খবর পেয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে দেয়াল ভেঙে কাজ বন্ধ করে দেয় এবং প্রতিবাদে জেলা বিএনপির সদস্য মোঃ সেলিম রেজা সদর উপজেলা ভবনের সামনে গিয়ে প্রতিবাদ করেন।
পরে বিক্ষুব্ধ জনগণের প্রতিবাদের মুখে বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা সুলতানা খান হীরা মনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরেজমিনে পরিদর্শন করে উপজেলা পুকুরের পাশে জনসাধারণের চলাচলের পথ খুলে দেন।
এ বিষয়ে বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরা মনি জানান, "বান্দরবান সদর উপজেলা পরিষদে কোন সীমানা প্রাচীর নেই।" তিনি আরও বলেন, "উপজেলা পরিষদের আশেপাশে প্রায় ৮টি গেইট রয়েছে, যেগুলি জনসাধারণের চলাচলের জন্য। এতোগুলো পকেট গেইট থাকায় উপজেলা পরিষদের অভ্যন্তরীন নিরাপত্তা কিছুটা অনিরাপদ হয়ে পড়ছে। সরকারি বাসভবন ও দাপ্তরিক নিরাপত্তার স্বার্থে উপজেলা পরিষদের সীমানা প্রাচীর নির্মাণ জরুরী, তবে জনসাধারণের অসুবিধা হয় এমন কোন সিদ্ধান্ত আমরা নিবো না।"
এদিকে, ইউএনও’র বক্তব্যে এই সিদ্ধান্তের প্রতি এলাকার জনগণের আপত্তি দূর হলেও, ভবিষ্যতে সীমানা প্রাচীর নির্মাণের পরিপ্রেক্ষিতে সাধারণ জনগণের চলাচলের বিষয়টি আরও সতর্কতার সঙ্গে পরিকল্পনা করা হবে বলে জানানো হয়।