খুলনা

ভাতা বন্ধের প্রতিবাদে বেনাপোল বন্দরে কর্মচারীদের ধর্মঘট, আমদানি-রপ্তানি ব্যাহত

অধিকাল (ওভারটাইম) ভাতা বন্ধের প্রতিবাদে বেনাপোল স্থলবন্দরের কর্মচারীরা কর্মবিরতি ও মানববন্ধন করেছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বন্দর দাবি আদায় পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। এর ফলে বন্দর দিয়ে ভারতের সঙ্গে এক ঘণ্টা আমদানি-রপ্তানি ও পণ্য খালাস কার্যক্রম পুরোপুরি বন্ধ ছিল।

 

বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালের সামনে আয়োজিত এই মানববন্ধনে দেড় শতাধিক কর্মচারী অংশ নেন। আন্দোলনকারীরা জানান, গত ২১ বছর ধরে অফিস সময়ের অতিরিক্ত কাজের জন্য তাঁরা পারিশ্রমিক হিসেবে অধিকাল ভাতা পেয়ে আসছিলেন। কিন্তু গত দুই মাস ধরে সরকার এই ভাতা বন্ধ করে দেওয়ায় তাঁরা আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

 

মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বর্তমানে সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা বন্দরের কার্যক্রম চালু রাখতে তাঁরা কাজ করছেন। দ্রুত এই ভাতা পুনরায় চালু করা না হলে আগামীতে বিকেল ৫টার পর থেকে বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ রাখা হবে।

 

কর্মসূচি চলাকালে বন্দরে পণ্যবাহী ট্রাকের জট সৃষ্টি হয়। মানববন্ধনে বক্তব্য দেন ওয়্যারহাউস ইন্সপেক্টর শাহাদত হোসেন, হাফিজুর রহমান, নাহিদ পারভেজ প্রমুখ। ঘণ্টাখানেক পর বন্দরের কার্যক্রম স্বাভাবিক হলেও কর্মচারীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

 



সম্পর্কিত খবর