দুই বছর আগে ভালো কাজের প্রলোভনে দালালরা ওই দুই তরুণীকে ভারতে নিয়ে যান।
ভারত থেকে ফিরে এল পাচার হওয়া দুই তরুণী। দুই বছর কারাভোগ শেষে তারা দেশে ফিরেছেন।
সোমবার বিকালে বেনাপোল-পেট্রাপোল সীমান্তের শূন্যরেখায় ভারতের ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ দুই তরুণীকে বাংলাদেশের কাছে হস্তান্তর করে বলে জানান বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান।
ফিরে আসা দুই তরুণীর একজনের বাড়ি খুলনায়, অন্য জনের ময়মনসিংহে।
সাইফুর রহমান জানান, দুই বছর আগে রাতের আঁধারে সাতক্ষীরা সীমান্ত দিয়ে দালালরা ওই দুই তরুণীকে ভারতে নিয়ে যান। পরে তারা মহারাষ্ট্রের একটি পার্লারে কাজ করতেন। সেখানে অবৈধভাবে থাকার অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
এরপর মানবাধিকার সংগঠন ‘মন্ডুয়া গার্লস হোম’ তাদের কারাগার থেকে ছাড়িয়ে নিজেদের হেফাজতে নেয়। দুই দেশের দাপ্তরিক যোগাযোগের মাধ্যমে সোমবার তারা দেশে ফেরেন।
ওসি আরও বলেন, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে দুই তরুণীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। পরে মানবাধিকার সংগঠন ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ তাদের দায়িত্ব নেয়। সংগঠনটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।