প্রত্যন্ত গ্রামাঞ্চলের কৃষক ও শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্মসচিব) ও জেলা পরিষদের প্রশাসক তরফদার মো. আক্তার জামিল।
রোববার (১২ জানুয়ারি) সকালে সাড়ে ১১টায় রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করে রাজশাহী বিভাগের বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’।
এসময় মোহনপুরের ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২০০ কৃষক, শ্রমিক ও দিনমজুর পরিবার এবং বিধবা নারীদের শীতবস্ত্র উপহার হিসেবে প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উপসচিব মু. রেজা হাসান ও মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা।
বায়ান্ন/প্রতিনিধি/এসএ