আকাশে ঝলমলে রোদ দেখা গেলেও আবহাওয়া অফিস বলছে আজ নওগাঁর তাপমাত্রা ৮.৬ ডিগ্রী সেলসিয়াস। বদলগাছী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৩, ২৪ ও ২৫ জানুয়ারী পর্যন্ত নওগাঁর আকাশে সূর্যের দেখা মেলেনি। দিনব্যাপী কুয়াশা পড়েছিল বৃষ্টির মত করে। ঠিকঠাক ঘর থেকে বের হতে পারেননি সাধারণ ও শ্রমজীবী মানুষ। গত তিন দিনের আবহাওয়ার এই বৈরিতা কাটিয়ে আজ ঝলমলে রোদ উঠেছে নওগাঁর আকাশে। অথচ আবহাওয়া অফিসের তথ্য বলছে মৌসুমের সর্বনিম্ন ৮.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা নওগাঁয়।
নওগাঁর তাজের মোড় এলাকার মুদি ব্যবসায়ী নন্দলাল বলেন, আজকে আবহাওয়া মোটামুটি ভালো। অথচ আজকেই নাকি তাপমাত্রা কমে গেছে। বরাবরই দেখছি যেদিন আবহাওয়া ভালো থাকে সেদিনই তাপমাত্রা কমে যায়। তবে চরম কষ্ট হয়েছে গত তিন দিন।
ঢাকা বাস স্ট্যান্ড এলাকার রিকশাচালক মোবারক বলেন, ঠান্ডা আর অতিরিক্ত কুয়াশা থাকলে যাত্রী পাওয়া যায় না। আবার যাত্রী পেলেও এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে খুবই কষ্ট হয়। তবে আজকে কিছুটা রোদ উঠেছে দেখে ভালো লাগছে।
আবহাওয়া ও তাপমাত্রার বাস্তবতার বিষয়ে বদলগাছী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বলেন, সাধারণত নিয়ম অনুযায়ী আকাশ মেঘাচ্ছন্ন থাকলে তাপমাত্রা বাড়ে। গত তিনদিন সূর্যের দেখা মেলেনি পাশপাশি আকাশ খুবই মেঘাচ্ছন্ন ছিল। যার কারণে তাপমাত্রার রিডিং নিচে নামেনি। আজ এ জেলায় মৌসুমীর সর্বনিম্ন তাপমাত্রা যাচ্ছে। আগামী কয়েক দিনে আরো কিছুটা নেমে যেতে পারে বলেও ধারণা করেন তিনি।
বায়ান্ন/প্রতিনিধি/এসএ