টপ নিউজ

রোহিঙ্গাদের খাদ্যসহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত ডব্লিউএফপির

বাংলাদেশে আশ্রয় নেওয়া ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীদের জন্য খাদ্যসহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক কার্ল স্কাউ।

 

তিনি বলেছেন, রোহিঙ্গা সংকট এখনো রোমভিত্তিক জাতিসংঘ সংস্থাটির অগ্রাধিকারের তালিকার শীর্ষে।

 

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে ইতালির একটি হোটেলে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ডব্লিউএফপির ভারপ্রাপ্ত প্রধান এ কথা বলেন।

 

বৈঠকে মূলত চলমান রোহিঙ্গা সংকট, গাজা ও সুদানের দুর্ভিক্ষ পরিস্থিতি এবং বিশ্বব্যাপী ক্ষুধা মোকাবেলায় তহবিল সংগ্রহের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।

 

 

ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক স্কাউ গত ১৫ মাস ধরে অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেছেন, বিশেষ করে রোহিঙ্গা মানবিক সংকটে আন্তর্জাতিক দৃষ্টি ফিরিয়ে আনার জন্য তার অবিচল প্রচেষ্টার প্রশংসা করেন তিনি।

উভয় নেতা বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার জন্য তহবিল বৃদ্ধির জরুরি প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। স্কাউ রোহিঙ্গা ইস্যুতে গত ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের উচ্চ পর্যায়ের বৈঠকের প্রশংসা করে জানান, এটি সফলভাবে সংকটের দিকে আন্তর্জাতিক দৃষ্টি ফিরিয়ে এনেছে।

 

তিনি বলেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ বৈঠক ছিল।

 

 

আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে এটি আন্তর্জাতিক এজেন্ডায় শীর্ষে রয়েছে।’

উভয়ই ধনী দেশ এবং বহুপাক্ষিক আর্থিক প্রতিষ্ঠানসহ নতুন উৎস থেকে তহবিল সংগ্রহের সম্ভাবনা নিয়েও আলোচনা করেছেন। স্কাউ উল্লেখ করেছেন যে, নিউইয়র্কে জাতিসংঘের উচ্চ পর্যায়ের বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের কাছ থেকে ঘোষিত নতুন মানবিক সহায়তার প্রতিশ্রুতির পরে, ডাব্লিউএফপি প্রতিটি রোহিঙ্গা শরণার্থীকে মাসিক ১২ ডলার খাদ্য উপবৃত্তি প্রদান অব্যাহত রাখবে।

 

অধ্যাপক ইউনূস ক্ষুধা ও দুর্ভিক্ষ মোকাবেলায় ডব্লিউএফপি’র বৈশ্বিক নেতৃত্বের প্রশংসা করেন।

 



সম্পর্কিত খবর