খুলনা

শার্শার বাগআঁচড়া বাজারে ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুটি ব্যবসা-প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে বাগআঁচড়া বাজারের অন্তত ১০টি মুদি ও শিশুখাদ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় অনিয়মের দায়ে ‘মা স্টোর’কে ১০ হাজার টাকা এবং ‘শহিদুল স্টোর’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, সাধারণ ভোক্তাদের স্বার্থরক্ষা, পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনায় উৎসাহিত করতে নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 


সম্পর্কিত খবর