খুলনা

শার্শায় শামুক বিক্রি করে ৩০০ পরিবারের জীবিকা

যশোরের শার্শা উপজেলায় প্রাকৃতিক জলাশয় থেকে শামুক সংগ্রহ ও বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন প্রায় তিন শতাধিক দরিদ্র পরিবারের সদস্য। গ্রামাঞ্চলে কাজের অভাব ও বিকল্প কর্মসংস্থানের সুযোগ না থাকায় নারী-পুরুষের পাশাপাশি শিশুরাও শামুক সংগ্রহে নেমেছে। প্রতিদিন কেজিপ্রতি মাত্র ৭ টাকা দরে শামুক বিক্রি করে কোনো রকমে সংসার চালাচ্ছেন তারা। তবে অবাধে শামুক আহরণের ফলে পরিবেশ ও জলজ জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার ডিহি, লক্ষণপুর, বাহাদুরপুর, শার্শা সদর ও নিজামপুরসহ বিভিন্ন ইউনিয়নের জলাশয়গুলো থেকে সকাল থেকে দুপুর পর্যন্ত শামুক সংগ্রহ করছেন নিম্নআয়ের মানুষ। কেউ হেঁটে, আবার কেউ ডিঙি নৌকায় চড়ে খাল-বিল ও জলাশয় থেকে শামুক কুড়িয়ে আনছেন। পরে বিকেলে ইউনিয়নভিত্তিক নির্ধারিত স্থানে শামুক জমা করে ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়।

সংগ্রহকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, একজন ব্যক্তি দিনে ৩০ থেকে ৭০ কেজি পর্যন্ত শামুক সংগ্রহ করতে পারেন। প্রতি কেজি ৭ টাকা দরে বিক্রি করে যে আয় হয়, তা দিয়ে বর্তমান বাজারে পরিবারের নিত্যপ্রয়োজনীয় খরচ মেটানো কঠিন হয়ে পড়েছে। তবু মাঠে কৃষিকাজসহ বিকল্প কাজের সুযোগ কম থাকায় জীবিকার তাগিদেই এ পেশায় যুক্ত থাকতে হচ্ছে তাদের।

জীবিকার তাগিদে শামুক শিকারে নামা জয়দেব চক্রবর্তী জানান, বর্ষা মৌসুমে কৃষিকাজ বা অন্য কোনো কর্মসংস্থান না থাকায় পেটের দায়ে তারা স্থানীয় ব্যবসায়ীদের সহায়তায় এ পেশায় যুক্ত হয়েছেন। প্রতিদিন তাদের জনপ্রতি চারশত থেকে পাঁচশত টাকা পর্যন্ত আয় হয়।

ডিহি ইউনিয়নের তেবাড়িয়া জেলেপল্লীর শামুক সংগ্রহকারী দীলিপ মণ্ডল, বিজয়, রিনা রানি, আরতি দাসী, রাধে বালা ও রফিকুল ইসলাম এবং নিজামপুর ইউনিয়নের পোতাপাড়ার পবন মণ্ডল, অসিম তরফদার, আলো বিশ্বাস, মিলন রানি ও নলিতা রানিসহ অনেকে জানান, ভোর থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন জলাশয়ে ঘুরে শামুক সংগ্রহ করেন তারা।

তাদের ভাষ্য, মাঠে কাজের অভাব থাকায় বাধ্য হয়েই শামুক সংগ্রহ করতে হচ্ছে। দিনশেষে শামুক বিক্রির টাকা দিয়েই কোনো মতে পরিবারের মুখে খাবার তুলে দিচ্ছেন তারা। তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এই সামান্য আয়ে সংসার চালানো অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে।

শার্শা উপজেলার স্বরূপদাহ এলাকার শামুক ব্যবসায়ী কামাল হোসেন, আকরাম আলী ও নিত্য মণ্ডল জানান, দক্ষিণ ও উত্তর শার্শায় পৃথক দুটি ব্যবসায়ী গ্রুপ এ বছর কয়েকটি ইউনিয়নের সংগ্রহকারীদের কাছ থেকে প্রতিদিন গড়ে প্রায় ২০০ মণ শামুক কিনছে। প্রতি কেজি শামুকের ক্রয়মূল্য ৭ টাকা।

অন্যদিকে শামুক ব্যবসায়ী আব্দুল মমিন জানান, এই ব্যবসার সঙ্গে এলাকায় ছোট-বড় মিলিয়ে প্রায় ২০ থেকে ২৫ জন ব্যবসায়ী জড়িত। বর্ষার এই তিন-চার মাসজুড়ে তাদের পাইকারি কেনাবেচা চলে। তারা স্থানীয় সংগ্রাহকদের কাছ থেকে শামুক কিনে বিভিন্ন জেলার বড় আড়তে সরবরাহ করেন।

তারা জানান, সংগৃহীত শামুক খুলনার চেঁচুঁড়ি-কাপালিয়ায় ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়। সেখানে মেশিনে প্রক্রিয়াজাত করার পর শামুক চিংড়ি ও পাঙ্গাশ মাছের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।

ব্যবসায়ীরা আরও জানান, এ বছর খাল-বিল ও জলাশয়ে পানির পরিমাণ কম থাকায় এবং পানিতে এলার্জিজনিত সমস্যার কারণে আগের বছরের তুলনায় শামুক সংগ্রহকারী পরিবারের সংখ্যা কমেছে।

শার্শা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ বালা বলেন, “সরকারিভাবে শামুক-ঝিনুক সংরক্ষণের প্রকল্প রয়েছে, তবে সেটি এ অঞ্চলে প্রযোজ্য নয়। শামুক জলাশয়ের প্রাকৃতিক পরিশোধন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পানিতে থাকা বিভিন্ন দূষিত পদার্থ পরিশোধনের মাধ্যমে জলজ প্রাণীর বসবাসের উপযোগী পরিবেশ বজায় রাখে শামুক।”

তিনি আরও বলেন, “অতিরিক্ত শামুক আহরণ বা নিধন করা হলে পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়তে পারে। যারা শামুক সংগ্রহ করে বিক্রি করছেন, তাদের নিরুৎসাহিত করার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।”

এ বিষয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ বলেন, শার্শা অঞ্চলে অবৈধভাবে শামুক ও ঝিনুক সংগ্রহের বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ বিষয়ে স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হবে। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় প্রয়োজনে শামুক সংগ্রহকারী ও এর সঙ্গে জড়িত অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একদিকে কর্মসংস্থানের অভাবে দরিদ্র পরিবারের জীবিকার লড়াই, অন্যদিকে জলজ পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার চ্যালেঞ্জ—শার্শায় শামুক আহরণ ঘিরে তৈরি হয়েছে এমন দ্বিমুখী বাস্তবতা। সংশ্লিষ্টদের মতে, দরিদ্র পরিবারগুলোর জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং একই সঙ্গে প্রাকৃতিক জলজ সম্পদের সুরক্ষা নিশ্চিত করা জরুরি।

 


সম্পর্কিত খবর