বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বলেছেন, 'শিক্ষাক্ষেত্রের বাজেট থেকেও আওয়ামীলীগ সরকার বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে। ৩০ হাজারের বেশি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ৬ লাখ শিক্ষককে জাতীয়করণ করেনি শেখ হাসিনা সরকার। গত সাড়ে ১৫ বছরে শেখ হাসিনা সরকারের শিক্ষাক্ষেত্রের দুরবস্থা দিকে কোন কর্ণপাত ছিল না। তারা ছিল লুটপাটের সরকার।'
শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে মাদারীপুর জেলার শিবচরে নন্দকুমার মডেল ইনস্টিউট-এ বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সমাবেশে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, কোথা থেকে কি লুট করতে হবে সেটাই ছিল তাদের মূল লক্ষ্য। শিক্ষাখাতে যত বাজেট ছিল সেগুলো আওয়ামী লীগের সরকার হাতিয়ে নিয়েছে।
শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান বলেন, শিক্ষা যদি জাতীয়করণ করা হয়। শিক্ষা যদি একটা 'ইউনিফর্মে' চলে তবে শিক্ষা ব্যবস্থায় আমুল পরিবর্তন আসবে। শিক্ষার গুণগত মানের পরিবর্তন হবে। এখানে কিন্ডার গার্টেন স্কুল আছে, সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, সরকারি হাইস্কুল আছে, প্রাইভেট স্কুল আছে, কোচিং সেন্টার আছে। কিন্তু সব কিছুর মধ্যে সমন্বয় নাই। এই সমন্বয়ের অভাবেই শিক্ষার মানের জন্য ক্ষতিগ্রস্ত, খাদের কিনারে চলে গেছে শিক্ষা ব্যবস্থা।
আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে সবার জন্য শিক্ষার ব্যবস্থা করবে উল্লেখ করে সেলিম ভুঁইয়া আরও বলেন, শিক্ষা হতে হবে একমুখী। একটি পদ্ধতির মধ্যেই সবার সুযোগ-সুবিধা থাকবে। বিএনপি সকল শিক্ষকদের চাকুরী জাতীয়করণ করবে। এক্ষেত্রে ছাত্র-শিক্ষক সবাই উপকৃত হবে। এদিকে দল থেকে ও সংগঠন থেকে নজর রাখা হচ্ছে।
শিক্ষক সমিতির শিবচর উপজেলার সভাপতি আতাউর হোসেনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত শিক্ষক কমর্চারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব মো.জাকির হোসেন, কো-চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোসেন, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক সেলিম মিয়াসহ অন্যরা।
বায়ান্ন/প্রতিনিধি/একে