জাতীয়

'শিগগিরই জাতীয় সনদ চূড়ান্ত করতে চায় ঐকমত্য কমিশন'

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, দ্রুততম সময়ের মধ্যেই একটি জাতীয় সনদে পৌঁছাতে চায় কমিশন।

শনিবার (২৬ এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ড. আলী রীয়াজ বলেন, "আমরা এক ঐতিহাসিক মুহূর্তে অবস্থান করছি। এই সুযোগ যাঁরা সৃষ্টি করে দিয়েছেন- আমাদের বীর শহীদরা- তাঁদের প্রতি আমাদের চিরঋণী থাকা উচিত। তাই কোনোভাবেই যেন এই সুযোগ হাতছাড়া না হয়। আমাদের লক্ষ্য এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে কেউ নিপীড়নের শিকার হবে না, বিচার বা বিচারবহির্ভূত প্রতিকূলতার সম্মুখীন হবে না।"

তিনি আরও বলেন, বিগত ১৬ বছর ধরে দেশে ফ্যাসিবাদী শাসনের নিপীড়নে জনগণ এবং রাজনৈতিক কর্মীরা দুর্বিষহ সময় পার করেছেন। বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা জীবন বাজি রেখে গণতান্ত্রিক আন্দোলনে অবিচল থেকেছেন। তারা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়ে বিচারবহির্ভূত নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়েছেন। তবুও সাহসিকতার সঙ্গে সংগ্রাম চালিয়ে গেছেন।

ড. রীয়াজ জামায়াতের এই ভূমিকার প্রশংসা করে বলেন, "ফ্যাসিবাদের বিরুদ্ধে অবিরাম লড়াইয়ে জামায়াতে ইসলামীর অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আমরা আশা করি, একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে আগামী দিনেও আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। দেশ ও জাতির পুনর্গঠনের এ যাত্রায় আমরা একসঙ্গে এগিয়ে যাব।"

 

বায়ান্ন/এএস



সম্পর্কিত খবর