নরসিংদীর পলাশ উপজেলায় শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে মো. সাইফুল ইসলাম (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ জুন) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
নিহত সাইফুল ইসলাম পলাশ বাজার এলাকার আব্দুল চৌধুরীর ছেলে। পরিবারসহ তারা পলাশ বাজারে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। সাইফুল ঢাকায় একটি ব্যাগ তৈরির কারখানায় কর্মরত ছিলেন। ঈদে ছুটি পেয়ে বাবা-মায়ের সঙ্গে সময় কাটাতে পলাশে এসেছিল সে।
পলাশ ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে সাইফুল তার কয়েকজন বন্ধুর সঙ্গে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে। প্রথমে নদীর পাড়ঘেঁষা অল্প পানিতে গোসল করলেও পরবর্তীতে গভীর পানিতে চলে যায়। সাঁতার না জানার কারণে হঠাৎই নদীর স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় সে।
পরে পলাশ ফায়ার সার্ভিস উদ্ধার অভিযানে নামলেও তাকে খুঁজে না পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তা নেয়। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে তার মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল শহিদ বলেন, “সাঁতার না জানার কারণে কিশোরটি নদীর স্রোতে ডুবে যায়। পরে আমরা মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করি।”
মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।