জাতীয়

শেখ হাসিনা ও পরিবারের ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, ছেলে সজিব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের স্বার্থ সংশ্লিষ্ট ৩১টি ব্যাংক হিসাবের মোট ৩৯৪ কোটি ৬০ লাখ টাকা ফ্রিজ (অবরুদ্ধ) করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মনিরুল ইসলামের আবেদনের ভিত্তিতে এ আদেশ দেন।

দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজিব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও ছোট বোন শেখ রেহানার স্বার্থ সংশ্লিষ্ট ৩১টি ব্যাংক হিসাবের মোট ৩৯৪ কোটি ৬০ লাখ ৭৩ হাজার টাকা অবরুদ্ধ করা হয়েছে।

দুদকের পক্ষ থেকে আদালতে জানানো হয়, উল্লিখিত ব্যক্তিরা এবং তাদের স্বার্থ সংশ্লিষ্টরা অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। এ কারণে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব হিসাব অবিলম্বে ফ্রিজ করা প্রয়োজন। একইসঙ্গে অনুসন্ধান চলাকালীন সময়ে তাদের সম্পদের মালিকানা পরিবর্তন, স্থানান্তর বা অন্য কোনো প্রক্রিয়ায় হস্তান্তর বন্ধ রাখতে আদালতে আবেদন করা হয়।

এর আগে গত ১১ মার্চ একই আদালত শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ১২৪টি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দেন। একইসঙ্গে শেখ হাসিনার ধানমন্ডির বাসভবন ‘সুধাসদন’সহ তাদের অন্যান্য কিছু সম্পত্তি ক্রোকের নির্দেশও দেওয়া হয়। পাশাপাশি, শেখ হাসিনাসহ পরিবারের সাতজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়।

দুদকের চলমান অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত অবরুদ্ধ হিসাবগুলো স্থগিত থাকবে। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। আদালতের পরবর্তী শুনানিতে এ সংক্রান্ত আপডেট দেওয়া হতে পারে বলে দুদক সূত্রে জানা গেছে।

বায়ান্ন/আরএস



সম্পর্কিত খবর