দেশের খবর

শেরপুরে সেনা সদস্য ওয়াসিম হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

শেরপুর সদরে সেনা সদস্য ওয়াসিম আকরাম হত্যা মামলার অন্যতম প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তাররা হচ্ছেন- শেরপুর সদর উপজেলার চরশেরপুর নিজ পাড়ার ইব্রাহীম মন্ডলের ছেলে মো. সমেজ উদ্দিন (৬০) ও একই গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে নাজিম উদ্দীন (৩৫)। 

মঙ্গলবার ভোরে শেরপুর সদর উপজেলার সাজিপাড়া এলাকা থেকে সমেজ উদ্দিনকে এবং গতকাল রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার ঢাকেশ্বরী বাসস্ট্যান্ড গোদনাইন এলাকা থেকে নাজিম উদ্দীনকে গ্রেপ্তার করা হয়। 

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, ওয়াসিম আকরাম ছয় বছর ধরে সেনাবাহিনীর সদস্য হিসেবে কর্মরত রয়েছেন। ছয় মাস আগে শেরপুর শহরের বারাকপাড়ায় বিয়ে করেন তিনি। ১৫ দিনের ছুটিতে বাড়িতে এসে ২ ডিসেম্বর বাবার সঙ্গে ক্ষেতে ধান কাটতে যান। ফেরার পথে বড় চাচা আব্দুস সালাম ও চাচাতো ভাই রঞ্জুর সঙ্গে পূর্বের জমি নিয়ে বিরোধের জেরে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। রঞ্জুর দায়ের কোপে ওয়াসিম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় তার ছোটভাই জসিম উদ্দিন ২১ জনের নাম উল্লেখ করে ৩৩ জনের বিরুদ্ধে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ বিষয়ে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক বলেন, আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদেরকে শেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বায়ান্ন/প্রতিনিধি/একে



সম্পর্কিত খবর