পঞ্চগড় জেলা ট্রাক্টর, ট্যাঙ্কলরি, কাভার্ডভ্যান ও ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি. নং রাজ-২৬৪)-এর নির্বাচিত কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ার পরেও নির্বাচন না দেওয়ার কারণে আইনানুগ পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে। দিনাজপুর আঞ্চলিক শ্রম দফতর থেকে এমন নির্দেশনা দিয়ে চিঠি দেওয়া হয়েছে।
দিনাজপুর আঞ্চলিক শ্রম দফতর থেকে ১০ সেপ্টেম্বর প্রেরণ করা এ চিঠিতে বলা হয়, পঞ্চগড় জেলা ট্রাক্টর, ট্যাঙ্কলরি, কাভার্ডভ্যান ও ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটির মেয়াদ ২০২৫ সালের ২৪ মার্চ শেষ হয়। নির্ধারিত সময়ে কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন না করে বেআইনিভাবে ক্ষমতায় অধিষ্ঠিত থাকা বিদ্যমান গঠনতন্ত্রের ২৩ নম্বর অনুচ্ছেদ ও বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৭৯(১)(ঞ) ধারার লঙ্ঘন।
৪৫ দিনের মধ্যে প্রচলিত শ্রম আইন, শ্রম বিধিমালা এবং বিদ্যমান অনুমোদিত গঠনতন্ত্র অনুযায়ী ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠানের জন্য বলা হয়েছে। ব্যর্থতায় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ২৮ জুলাই পঞ্চগড় জেলা ট্রাক্টর, ট্যাঙ্কলরি, কাভার্ডভ্যান ও ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকবর আলী ২০ জুলাই সাধারণ সভার সিদ্ধান্ত জানিয়ে সংগঠনের সভাপতি হিসেবে রাজিউর রহমান রাজুর ওপর দায়িত্ব অর্পণের অনুরোধ করে দিনাজপুর আঞ্চলিক শ্রম দফতরে চিঠি দেন। সেটি নাকচ করে দিয়ে শ্রম দফতর এই চিঠি জারি করে।