ঝিনাইদহে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাব-রেজিস্ট্রার মোজাম্মেল হকের পরিবার।
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তাঁর স্ত্রী নাজনীন খাতুন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, হরিণাকুন্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের ধুলিয়া গ্রামের বাসিন্দা মোজাম্মেল হককে নিয়ে কিছু স্থানীয় পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা সংবাদ প্রচার করা হচ্ছে।
তিনি আরও বলেন, গত ২০ এপ্রিল স্থানীয় এক পল্লী চিকিৎসকের দোকানে সামাজিক ও ধর্মীয় বিষয়ে আলোচনা করার পর ২১ এপ্রিল সন্ধ্যায় তাঁর স্বামীর ওপর হামলা চালানো হয়। পরে জোরপূর্বক একটি গোডাউনে নিয়ে গিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির মিথ্যা স্বীকারোক্তি আদায় করে ভিডিও ধারণ করা হয়।
নাজনীন খাতুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গেলে সন্ত্রাসীরা কোনো লিখিত অভিযোগ দিতে না পারায় পুলিশ মোজাম্মেল হককে মুক্ত করে। জমিজমা সংক্রান্ত বিরোধ ও গ্রাম্য রাজনীতির কারণে এই ষড়যন্ত্র করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও মিথ্যা খবরের বিষয়টি সত্যতা নিশ্চত করতে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আলিম ডাক্তার ও বিষু ডাক্তার নামে দুই পল্লী চিকিৎসক, যারা ঘটনার সময় সেখানে ছিলেন এবং ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নাজনীন খাতুন তাঁর বক্তব্যে দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বায়ান্ন/আরএস