দেশের খবর

স্কুলে খাবার পেতে যাচ্ছে নাসিরনগর উপজেলার প্রাথমিকের শিক্ষার্থীরা

দেশের প্রাথমিক শিক্ষায় শিশুদের উপস্থিতি ও মনোযোগ বাড়াতে নতুন করে চালু হতে যাচ্ছে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’। 
 
২০২৫ শিক্ষাবর্ষ থেকে দেশের ৮টি বিভাগের ৬২ জেলার ১৫০টি উপজেলাকে নিয়ে এই প্রকল্পের বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এর মধ্যে নাসিরনগর উপজেলা এই প্রকল্পের আওতাভুক্ত করা হয়েছে।
এই কর্মসূচিকে কেন্দ্র করে সংশ্লিষ্ট বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব কর্মকর্তাকে দায়িত্বশীলভাবে তথ্য প্রেরণের জন্য বলা হয়েছে। তথ্য প্রেরণের বিষয়টি পর্যবেক্ষণ করছেন প্রকল্প পরিচালক, উপ-প্রকল্প পরিচালক ও সহকারী প্রকল্প পরিচালক।
 
গত রোববার প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মোহাম্মদ হারুন-অর-রশীদের সই করা এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। যা বাস্তবায়ন হলে স্কুলে খাবার পাবে নাসিরনগর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থীরা।
 
এই কর্মসূচির অন্যতম লক্ষ্য হচ্ছে স্কুল চলাকালে শিক্ষার্থীদের মাঝে পুষ্টিসমৃদ্ধ ফর্টিফাইড বিস্কুট, ইউএইচটি দুধ, বনরুটি, সিদ্ধ ডিম, কলা ও স্থানীয় মৌসুমি ফল প্রদান করা। সপ্তাহে রোববারে বনরুটি ও সিদ্ধ ডিম, সোমবার বনরুটি ও ইউএইচটি দুধ, মঙ্গলবার বনরুটি ও সিদ্ধ ডিম, বুধবার ফর্টিফাইড বিস্কুট ও কলা বা স্থানীয় মৌসুমি ফল এবং বৃহস্পতিবার বনরুটি ও সিদ্ধ ডিম প্রদান করা হবে।
 
এই বিষয় নাসিরনগর উপজেলা শিক্ষা অফিসার মো. ইসহাক মিঞা জানান, স্কুল ফিডিং কর্মসূচি চালুর ফলে দরিদ্র ও সুবিধাবঞ্চিত এলাকার শিশুরা সবচেয়ে বেশি উপকৃত হবে এবং প্রাথমিক শিক্ষায় শিশুদের উপস্থিতি ও শিক্ষায় মনোযোগ বাড়াবে। শিশুরা অপুষ্টির ঝুঁকি থেকে কিছুটা মুক্ত থাকবে এবং অভিভাবকদের মধ্যে বিদ্যালয়ে সন্তান পাঠানোর আগ্রহও বাড়বে।


সম্পর্কিত খবর