দেশের খবর

হাওরে ধানের উৎপাদনে কীটনাশক ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে: মৎস্য উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, প্রাকৃতিকভাবে দেশীয় নানা জাতের মাছের হারিয়ে যাচ্ছে শুধু অভয়াশ্রমের মাধ্যমে তা রক্ষা করা সম্ভব হচ্ছে। একদিকে হাওর রক্ষার কথা বলা হচ্ছে, অন্যদিকে হাওরে ধানের উৎপাদন বাড়াতে কীটনাশক ব্যাপক হারে ব্যবহার করা হচ্ছে। এই কীটনাশক পানির সাথে মিশে হাওরের মাছের উৎপাদনে ব্যাপকভাবে ক্ষতি করছে। তাই হাওর রক্ষায় কীটনাশক এর ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে।

মৎস্য উপদেষ্টা রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে শ্রীমঙ্গলের হাইল হাওরের হাজীপুর এলাকার বাইক্কার বিল মৎস্য অভয়াশ্রম সংলগ্ন বাইক্কার বিল মৎস্য অভয়াশ্রম সংশ্লিষ্ট সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি হাইল হাওর এলাকার জনগণের জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণের আহবান জানান।

উপদেষ্টা আরও বলেন, নির্বিচারে পাখি শিকার যেমন নির্মম, অমানবিক এটি প্রাণবৈচিত্র্যসহ সামগ্রিকভাবে দেশের জন্য ক্ষতি। বাইক্কা বিল রক্ষার জন্য অভয়াশ্রম করা হয়েছে বিদেশি সহায়তা  নির্ভর না হয়ে সক্ষমতা অর্জন করতে হবে।

নিজস্ব অর্থায়নে অবিলম্বে দাদুরিয়া বিল খননের উদ্যোগ গ্রহণ করা হবে। সম্পদ ব্যবস্থাপনা সংগঠনের কাজগুলো অভয়াশ্রম রক্ষায় বড় ভূমিকা পালন করছে। বিল রক্ষায় মৎস্য কর্মকর্তাদের প্রতিনিধিত্ব না থাকলে কাঙ্খিতভাবে অভয়াশ্রম রক্ষায় কাজ করা কঠিন হবে। কালচারাল মাছের ওপর নির্ভর করে চলতে চাই না। অভয়াশ্রম তৈরি করে দেশীয় প্রজাতির মৎস্য রক্ষা করা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অনেক বড় দায়িত্ব। 

উপদেষ্টা বলেন, অন্তর্র্বতী সরকার তরুণদের জন্য নানা ধরনের পরিকল্পনা গ্রহণ করছে। ৫ আগস্টে শহিদ পরিবার ও আহত পরিবারের সদস্যদের জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় প্রকল্প গ্রহণ করে তাদের সহায়তায় কাজ করে যাচ্ছে। 

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসা. শাহীনা আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহীনা ফেরদৌসী, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ, অতিরিক্ত মহাপরিচালক মো. জিয়া হায়দার চৌধুরী, সিলেট বিভাগীয় মৎস্য উপপরিচালক মো. আশরাফুজ্জামান, মৌলভীবাজার জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আরিফ হোসেন, সিলেট জেলা মৎস্য কর্মকর্তা সীমা রাণী বিশ্বাস, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন প্রমুখ।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ



সম্পর্কিত খবর