রাজনীতি

আওয়ামী লীগ নামে নতুন দলের নিবন্ধন চেয়ে ইসিতে আবেদন

নতুন রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ নামে নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছে উজ্জল রায় নামের এক ব্যক্তি। 

সম্প্রতি (২৪ মার্চ) নির্বাচনের সচিব বরাবর নিবন্ধন আবেদন জমা দেয় এই ব্যক্তি। 

নিবন্ধন আবেদনে আওয়ামী লীগ নামে নতুন  রাজনৈতিক দল হিসেবে আবেদন করেছেন এই ব্যক্তি। নৌকা অথবা ইলিশ চেয়েছেন দলীয় প্রতীক। এই দলের প্রধান কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউ উল্লেখ করেছেন। দলটি গঠনের তারিখ দেওয়া হয়েছে গতকাল সোমবার (২৪ মার্চ) এবং এই দলের কমিটির মেয়াদ ৩০ এপ্রিল শেষ হবে বলে জানিয়েছে। তবে কোন সালের ৩০ এপ্রিল এই দলের কমিটির মেয়াদ শেষ হবে তা উল্লেখ করেনি।

আবেদন থেকে আরও জানা যায়, তিনি নির্বাচনী এলাকা দিনাজপুর-৫ আসন থেকে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন বলে জানান। এছাড়া আবেদনে কোন কোন ব্যাংক হিসাব না দিলেও দলটি পরিচালনায় ব্যক্তিগত তহবিল উল্লেখ করেন তিনি। 

এদিকে নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আবেদনপত্র আহ্বান করে ১০ মার্চ ওই গণবিজ্ঞপ্তি দেয় নির্বাচন কমিশন। তবে,  নতুন দলের নিবন্ধনের জন্য ইসির ঐ গণবিজ্ঞপ্তির বৈধতা নিয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ূম হাইকোর্টে একটি রিট করেন।

বায়ান্ন/আরএস



সম্পর্কিত খবর