দেশের খবর

আসামির বাড়িতে অগ্নিসংযোগে দগ্ধ আরও দুজনের মৃত্যু

পাবনায় স্কুলছাত্রী রিয়া হত্যার ঘটনায় আসামির বাড়িতে অগ্নিসংযোগের সময় দগ্ধ আরও দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে ওই ঘটনায় তিনজনের মৃত্যু হলো।

 

এদের মধ্যে মঙ্গলবার (৯ জুন) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দুইজন ও সোমবার বিকেলে একজনের মৃত্যু হয়।

 

নিহতরা হলেন, সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের নতুনপাড়া এলাকার শকুর হোসেনের ছেলে সাইফুল ইসলাম সাব্বির, একই এলাকার ইউসুফের ছেলে সাপু ও ইউনিয়নের পূর্ব রাঘবপুর এলাকার তজির উদ্দিন শেখের ছেলে সুমন শেখ। 

 

পুলিশ ও সংশ্লিষ্টরা জানায়, উপজেলার পূর্ব রাঘবপুর গ্রামের বাসিন্দা নাঈমের সঙ্গে স্কুলছাত্রী রিয়ার প্রেমের সম্পর্ক ছিল। মঙ্গলবার (২ জুন) সকালে নাঈমের বাড়িতে পাওনা টাকা নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে রিয়াকে শ্বাসরোধ করে হত্যা করে।

 

পরে দুই বন্ধুর সহযোগিতায় প্রাইভেটকারে করে ভাঁড়ারা ইউনিয়নের পীরপুর পদ্মা নদীতে রিয়ার মরদেহ ফেলে আসে। পরদিন বুধবার (৩ জুন) বস্তাবন্দি অবস্থায় রিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর কয়েক ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতারও করা হয়।

পরদিন রিয়ার মরদেহ দাফনের পর বিক্ষুব্ধরা প্রধান অভিযুক্ত নাঈমের বাড়িতে অগ্নিসংযোগ করে।

 

এসময় অভিযুক্তের পরিবারের কেউ বাড়িতে না থাকলেও গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে প্রতিবেশী ও উৎসুক জনতাদের কয়েকজন দগ্ধ হন। তাদের মধ্যকার তিনজনের চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, ‘সাপু ও সাব্বির সকালে এবং সুমন গতকাল বিকেলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

 



সম্পর্কিত খবর