ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন পুলে চারটি ডবল ডেকার বাস যুক্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা বাড়াতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে আনুষ্ঠানিকভাবে বাস চারটির উদ্বোধন করা হয়।
এসময় পরিবহন প্রশাসক কমিটির সভাপতি অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম এবং বিআরটিসি পাবনা বাস ডিপোর ডিজিএম (পি অ্যান্ড এস) প্রকৌশলী মো. মনিরুজ্জামান বাবু।
এছাড়াও শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম সম্পাদক আনোয়ার পারভেজ, শাখা ছাত্রশিবির সভাপতি মো. মাহমুদুল হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক গোলাম রাব্বানী, পংকজসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে লোকেশনগত সমস্যার কারণে যানবাহনের উপর নির্ভর করতে হয়। আজকের এই চারটি দ্বিতল বাস শিক্ষার্থীদের জন্য নিবেদিত। বিশ্ববিদ্যালয়ে পূর্ণমাত্রায় আবাসন ব্যবস্থা নিশ্চিত না করা পর্যন্ত আমরা উত্তরোত্তর যানবাহন ব্যবস্থা উন্নত করে যাবো।
উল্লেখ্য, পরিবহন পুলে যুক্ত বাস চারটি পাবনা বাস ডিপো থেকে ভাড়া করা হয়েছে। তবে এর আগে এই বাসগুলো ঢাকার বিভিন্ন রুটে চলেছিল বলে জানা গেছে।