জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর বাজারে জমে উঠেছে ব্যবসায়ী সমিতির ২০২৫-২০২৬ মেয়াদের নির্বাচন। সাভার উপজেলার অন্যতম বাণিজ্যিক ও প্রাণবন্ত এই বাজারের নেতৃত্ব নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
আগামীকাল শনিবার (১০ মে) সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ২১৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত করবেন বাজারের ভবিষ্যৎ নেতৃত্ব।

এবারের নির্বাচনে মোট ১৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ইতোমধ্যে ৭ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এরমধ্যে উল্লেখযোগ্য হলেন- ধর্ম বিষয়ক সম্পাদক পদে মো: যোবায়ের হোসেন, ক্রীড়া সম্পাদক পদে সাইফুল ইসলাম জিহাদ, প্রচার সম্পাদক পদে মো: কাউসার।
এছাড়াও সাধারণ সদস্য পদে বাবুল চন্দ্র শীলসহ আরও তিনজন মোট চারজন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন পাথালিয়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার ফারুক হোসেন সফিক, যিনি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। ভোটারদের নিরাপত্তা ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী থাকবে তৎপর। আমরা বিশ্বাস করি, ইসলামনগরের ব্যবসায়ীরা গণতান্ত্রিক পদ্ধতিতে যোগ্য নেতৃত্ব বেছে নেবেন।
প্রধান নির্বাচন কমিশনার ২২ এপ্রিল ২০২৫ তারিখে নির্বাচনের তফসিল ঘোষণা করেন। সেই থেকে শুরু করে গত কয়েক সপ্তাহ ধরে বাজারজুড়ে বইছে নির্বাচনী আমেজ।
বাজারের হোটেল ব্যবসায়ী মো: জীবন বলেন, নির্বাচনের আগে সবাই আসে, কথা বলে, প্রতিশ্রুতি দেয়। কিন্তু নির্বাচন শেষে যেন কেউ ভুলে না যায়- এই প্রত্যাশা আমাদের। আমরা এমন নেতৃত্ব চাই যারা বাজারের সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করবে।”
অপর এক ব্যবসায়ী, চা দোকানি মো: হাকিম মিয়া, বলেন, বাজারে অনেক সমস্যা- রাস্তা খারাপ, রাতের বেলায় রাস্তায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই, এতে করে চলাচলে সমস্যার সম্মুখীন হতে হয়। এসব সমস্যাগুলো রোধে যে নেতৃত্ব কাজ করবে, আমরা তাকেই ভোট দেব।
প্রার্থীরা সকাল থেকে রাত অবধি বাজারজুড়ে প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছেন। দোকানে দোকানে গিয়ে ভোট প্রার্থনা করছেন, নিজেদের প্রতিশ্রুতি তুলে ধরছেন। কোথাও কোথাও ছোট সভা, আবার কোথাও ব্যক্তিগত সাক্ষাতে ভোট চাওয়া- সবই চলেছে সুস্থ প্রতিদ্বন্দ্বিতার পরিবেশে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ইসলামনগর বাজারের একটি স্কুলে ভোটকেন্দ্র স্থাপন করা হবে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন থাকবে। প্রতিটি বুথে থাকবে পর্যাপ্ত নির্বাচন কর্মকর্তাও।নির্বাচন কমিশনার ফারুক হোসেন সফিক জানান, ভোটার ও প্রার্থীদের সহযোগিতা পেলে একটি মডেল নির্বাচন উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি।
ইসলামনগর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন শুধু একটি নেতৃত্ব বাছাইয়ের আয়োজন নয়, এটি ব্যবসায়ীদের মতামত প্রকাশ ও অংশগ্রহণের গুরুত্বপূর্ণ একটি সুযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন এ বাজারটি দিন দিন সম্প্রসারিত হচ্ছে, বাড়ছে ব্যবসায়িক সম্ভাবনা। আর তাই যোগ্য নেতৃত্বের প্রয়োজনীয়তা এখন সময়ের দাবি।
এখন দেখার পালা- ভোটের দিন ভোটাররা কাকে তাদের ভবিষ্যৎ প্রতিনিধি হিসেবে বেছে নেন।
বায়ান্ন/আরএস