অর্থনীতি ও বাণিজ্য

ঈদের ছুটিতে আন্ত ব্যাংকের চেক নিষ্পত্তির নতুন সময়সূচি ঘোষণা

ঈদুল ফিতরের ছুটির মধ্যেও ১৮ ও ১৯ মার্চ কিছু এলাকায় সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে। এই দুইদিন ক্লিয়ারিং হাউসে আন্ত ব্যাংকের চেক নিষ্পত্তির জন্য নতুন সময়সূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার (১২ মার্চ) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (পিএসডি)-২ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

 

এতে বলা হয়েছে, ঈদুল ফিতরের আগে তৈরি পোশাক শিল্প খাতে নিয়োজিত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে এবং রফতানি বিল ক্রয়ের লক্ষ্যে শুধু ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্পের লেনদেন সংশ্লিষ্ট এলাকার বাণিজ্যিক ব্যাংকগুলোর শাখায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে আগামী ১৮ ও ১৯ মার্চ যথাক্রমে বুধ ও বৃহস্পতিবার সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে।

 

এই দুইদিন ব্যাংকের অফিস চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। আর লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

 

এ দুইদিন নতুন সময়সূচিতে বাংলাদেশ ব্যাংকে স্থাপিত বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (ব্যাচ) ও রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) কার্যক্রম পরিচালিত হবে।

 



সম্পর্কিত খবর