দেশের খবর

উখিয়ায় মোটরসাইকেল-ডাম্পার ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

কক্সবাজারের উখিয়ায় মোটরসাইকেল-ডাম্পারের ত্রিমুখী সংঘর্ষে সোহেল রানা (২৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। 

শনিবার রাত সাড়ে ১২টার দিকে উখিয়া থানার রাজাপালং ইউনিয়নের মুহুরীপাড়া আমগাছতলা তিন রাস্তার মোড়ে এঘটনা ঘটে।

নিহত সোহেল রানা ঝিনাইদহ কালিগঞ্জ লুচিয়া এলাকার নিহাল মন্ডলের ছেলে। 

আহতরা হলেন- চাদপুর জেলার মনোহরদীর বাসিন্দা মৃত মিন্নাত আলীর ছেলে হাসান আল মামুন (৩৬), বান্দরবান জেলার লামা ফাশিয়াখালী এলাকার জালাল উদ্দিনের ছেলে দিদার হাসান (২১), সিরাজগঞ্জের শাহজাদপুর রুপনাই গাছপাড়া খুনকী এলাকার আবু মিয়ার ছেলে মেহেদী হাসান (২৮)।

জানা গেছে, মুহুরীপাড়া আমগাছতলা তিন রাস্তার মোড়ে ২টি মোটরসাইকেল রোহিঙ্গা ক্যাম্প হতে উখিয়া বাজারের দিকে আসার সময় উল্টো দিক দ্রুতগতির ১টি অজ্ঞাত নাম্বারযুক্ত ডাম্পার ট্রাক মোটরসাইকেল দুটিকে ধাক্কা দেয়। এ সময় উখিয়া টেকনিক্যাল কলেজ রোড এলাকায় অবস্থানরত সোহেল রানা, মামুন, দিদার, মেহেদী হাসান গুরতর আহত হয়। আহতদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আহত সোহেল রানাকে মৃত ঘোষণা করেন। আহত দিদার ও মেহেদী হাসানকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

শাহপুরী হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোস্তফা কামাল জানিয়েছেন, নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়া স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘাতক ডাম্পার চালক ঘটনার পরপরই গাড়ি নিয়ে পালিয়ে গেছে। তার কোন পরিচয় জানা যায়নি। মামলা প্রক্রিয়াধীন।

বায়ান্ন/প্রতিনিধি/একে



সম্পর্কিত খবর