প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস শুক্রবার সকাল ৯টা ২৫ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১২টা ২৫ মিনিট) কাতার ত্যাগ করে ভ্যাটিকানের উদ্দেশে রওনা হয়েছেন, পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করতে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ইতালির স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে তাঁর রোমে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে বাংলাদেশ সরকারের রোম ও ভ্যাটিকান সিটিতে নিযুক্ত রাষ্ট্রদূতরা তাঁকে অভ্যর্থনা জানাবেন।
রোমে পৌঁছানোর এক ঘণ্টা পর, অর্থাৎ শুক্রবার বিকেল ৩টা ১৫ মিনিটে প্রধান উপদেষ্টা ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে পৌঁছে প্রয়াত পোপ ফ্রান্সিসের মরদেহে শ্রদ্ধা জানাবেন।
এ সময় ভ্যাটিকান সিটির জন্য পোপের বিকার জেনারেল এবং সেন্ট পিটার্স ব্যাসিলিকার আর্চপ্রিস্ট কার্ডিনাল মৌরো গামবেত্তি প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ প্রতিনিধিদলকে আনুষ্ঠানিক শুভেচ্ছা জানাবেন।
শনিবার সকালে স্থানীয় সময় আনুমানিক ৯টা ৩০ মিনিটে সেন্ট পিটার্স স্কয়ারেই পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে অংশ নেবেন প্রধান উপদেষ্টা।
এরপর রোববার সকাল ৮টায় (বাংলাদেশ সময় দুপুর ১২টা) রোমের লিওনার্দো দা ভিঞ্চি ফিউমিচিনো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি। আশা করা হচ্ছে, সোমবার ভোরে তিনি দেশে পৌঁছাবেন।
বায়ান্ন/এএস