জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কামারখন্দ উপজেলা আহ্বায়ক কমিটিতে আওয়ামীলীগ সমর্থিত মুক্তিযোদ্ধাকে আহবায়ক করে কমিটি গঠন করায় বিতর্কিত কমিটি বাতিল ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৮ মে) দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে কমিটি বাতিল ঘোষণা করেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিরাজগঞ্জ শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল। এসময় জেলা আহ্বায়ক কমিটিসহ অন্যান্য উপজেলা আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, “মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তারা স্বাধীনতা অর্জনে জীবনবাজি রেখেছেন। তাদের বিরুদ্ধে এমন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য আমরা ঘৃণা ও তীব্র নিন্দার সাথে প্রত্যাখ্যান করছি।” সংবাদ সম্মেলনের শেষে তিনি আনুষ্ঠানিকভাবে কামারখন্দ উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক কমিটি বাতিল ঘোষণা করেন।
উল্লেখ্য, গত ২০ এপ্রিল সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক কমিটি অনুমোদনের পর কমিটিতে আহ্বায়কসহ সদস্য পদে একাধিক আওয়ামীলীগ সমর্থিত ও আওয়ামীলীগের পদধারী মুক্তিযোদ্ধারা স্থান পায়। টাকার বিনিময়ে আওয়ামীলীগের ব্যক্তিদের কমিটিতে পদ দেয়া হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম ও সোস্যাল মিডিয়ায় বিষয়টি প্রকাশ হলে পরের দিনই বিতর্কিত কমিটির কার্যক্রম স্থগিত করে জেলা আহবায়ক কমিটি এবং আজ আনুষ্ঠানিক ভাবে কমিটি বাতিল ঘোষণা করা হয়।