চট্টগ্রাম প্রতিদিন

কিডনি রোগীদের জন্য আর কাজ করা হবে না সাংবাদিক জাহিদুল হকের

না ফেরার দেশে চলে গেলেন চট্টগ্রামের সাতকানিয়ার সন্তান ও চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) সাবেক অর্থ সম্পাদক প্রবীণ সাংবাদিক এস. এম. জাহিদুল হক।
 
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩ টার সময় নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
 
এস এম জাহেদুল হক চট্টগ্রামের সাতকানিয়ার কাঞ্চনা ইউনিয়নের সন্তান।তিনি দীর্ঘ দিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
 
জাহেদুল হক নিজে কিডনি রোগে ভুগলেও কিডনি রোগীদের সেবা দিতে কিডনি রোগী কল্যাণ সংস্থা নামক একটি সংগঠন প্রতিষ্ঠা করেন।সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে অক্লান্ত পরিশ্রমে কাজ করে যাচ্ছিলেন জাহিদুল হক।সক্রিয় কার্যক্রমের জন্য সংগঠনটি ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকেও নিবন্ধন পেয়েছে।তবে বেশিদিন কাজ করার সুযোগ হলো না।নিজেই কিডনি রোগে ভোগে চলে গেলেন না ফেরার দেশে।
 
এছাড়াও তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাবেক কোষাধ্যক্ষ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কাউন্সিলর, চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক সমবায় সমিতির নির্বাহী সদস্য ও বিজ্ঞাপন প্রতিষ্ঠান অ্যাড ব্যাংকের স্বত্বাধিকারী।
 
শুক্রবার সকাল ১০টায় চট্টগ্রামের মোমিন রোডস্থ কদম মোবারক মসজিদ চত্বরে তার প্রথম নামাজে জানাজা শেষে সাতকানিয়ার কাঞ্চনায় নিজ গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়।তার মৃত্যুতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ ও সাধারণ সম্পাদক সালেহ নোমান,চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক,কাঞ্চনা আন্ওয়ারুল উলুম মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী পরিষদ পৃথক পৃথক বিবৃতিতে গভীর শোক এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন।
 
বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, জাহেদুল হকের মৃত্যুতে সাংবাদিক সমাজ একজন নিবেদিত সাংবাদিক সংগঠককে হারিয়েছে।এদিকে সাংবাদিক জাহেদুল হকের মৃত্যুতে তার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
 
 


সম্পর্কিত খবর