কুষ্টিয়া পুলিশ লাইনের গেটের সামনে বহুতল ভবনের গ্যারেজে পাওয়া গেলো কোটি টাকা মূল্যের টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো ব্রান্ডের কালো রংয়ের একটি বিলাসবহুল গাড়ি। ভারতে নিহত ঝিনাইদহ কালীগঞ্জ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের গাড়ি বলে সনাক্ত করেছে জেলা পুলিশ।
বিভিন্ন সূত্রে জানা গেছে, গত তিন মাস আগে কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে শাফিনা টাওয়ার'র গ্যারেজে টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো ব্রান্ডের কালো রঙ্গের একটি গাড়ি দেখা যায়। কয়েক কোটি টাকার বিলাস বহুল এই গাড়িটি নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ ও কৌতূহলের সৃষ্টি হলে পুলিশ গাড়ির মালিকের সন্ধানে নামে। সোমবার রাতে যাচাই-বাছাই করে পুলিশ জানতে পারে গাড়িটির মালিক ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ভারতে রহস্যময় ভাবে খুন হওয়া আনোয়ারুল আজিম আনারের।
এ বিষয়ে কাজি জোরাইশ হোসাইন নামে একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন,"আমি এবং বাড়ির মালিকের ছেলে শাহীন যখন গাড়িটির ব্যাপারে খোঁজ খবর নিতে থাকি তৎক্ষনাৎ ছবির এই ব্যাক্তি জিএলটি টোবাকোর ভাড়া নেয়া বাসার কেয়ারটেকার ও জিএলটি টোবাকোতে কর্মরত ড্রাইভারকে গাড়িটি ষ্টার্ট দিতে নির্দেশ দেই। আমরা ঘটনা আচ করতে পেরে, সাথে সাথে থানাকে ইনফর্ম করি, দলিয় সহযোদ্ধা ও সাংবাদিকদেরও ঘটনা স্থলে পাঠাই।"
ঘটনাস্থলে থাকা কুষ্টিয়া মডেল থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) স্বপন বলেন, তল্লাশি চালিয়ে জানতে পারি গাড়ির এমপি আনোয়ারুল আজিম আনারের নাম রয়েছে। তবে গাড়িটি এখানে কীভাবে এল, তা নিয়ে তদন্ত চলছে। গাড়িটি পুলিশি হেফাজতে নিয়ে রাতে গ্যারেজের প্রহরীকে দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে। গাড়ির কাগজপত্রে ২০২৩ সালের মডেলের টয়োটা ব্র্যান্ডের, গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-ঘ ১২-৬০৬০ উল্লেখ করা আছে। শাফিনা টাওয়ারের গ্যারেজের দায়িত্বে থাকা প্রহরী আলমগীর জানান, প্রায় তিন মাস আগে একটি বহুজাতিক তামাক কোম্পানির দুই কর্মকর্তা গাড়িটি রেখে যান। তাঁদের কোম্পানির বায়ারদের জন্য ভবনের দুই, তিন ও চার তলায় পাঁচটি ফ্ল্যাট ভাড়া নেওয়া আছে।
এ বিষয়ে জানতে শাফিনা টাওয়ারের মালিক শামসুদ্দিন আলম ওরফে শাহিনের মুঠোফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, গাড়িটির তথ্য দেওয়ার জন্য ভবন মালিক সময় নিয়েছেন। বিষয়টি যাচাইবাছাই করে ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগ নেতা আনোয়ারুল আজিম আনার ছিলেন ঝিনাইদহ-৪ আসনের তিনবারের সংসদ সদস্য। গত বছরের মে মাসে চিকিৎসার জন্য ভারতে গিয়ে তিনি নিখোঁজ হন। পরে কলকাতায় তিনি খুন হয়েছেন বলে জানা যায়।