রংপুর

খাল খননের কাজ শেষ করে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পেলেন পঞ্চগড়ের ২ ইউএনও

পঞ্চগড় সদর উপজেলা ও আটোয়ারী উপজেলায় খাল খননের কাজ শেষে প্রায় ১৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছেন দুই উপজেলা নির্বাহী কর্মকর্তা। খাল খননে স্বচ্ছতা ও সৌন্দর্যবর্ধনের জন্য প্রধানমন্ত্রী কর্তৃক শুভেচ্ছা বার্তা পেয়েছেন তারা।

জানা গেছে, পঞ্চগড় সদরের ইউএনও ফাহমিদা সুলতানার সার্বিক তত্ত্বাবধানে বাস্তবায়িত এ প্রকল্পে মোট ৬৯০ মিটার খালের কাজ শেষ হওয়ার পর অব্যয়িত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। এই প্রকল্পের বাজেট ধরা হয়েছিল ৩৮ লাখ টাকা।

জেলার আটোয়ারী উপজেলায় খাল খননের কাজ শেষে প্রায় সাড়ে নয় লাখ টাকা ফেরত দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রীপা মনি দেবী। আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বাকডোকরা খালের খননকাজ সমাপ্ত করে অবশিষ্ট এই টাকা সরকারি কোষাগারে ফেরত পাঠানো হয়। বাকডোকরা খাল খনন কর্মসূচিতে মোট বরাদ্দ ধরা হয়েছিল ৫১ লাখ ৫৩ হাজার ৯৯৫ টাকা। এই খাল খনন সম্পাদনের পর বেঁচে যায় ৯ লাখ ৩৯ হাজার ১৯১ টাকা।

অন্যদিকে পঞ্চগড় সদর উপজেলার রজলী টাংগন ব্রিজ থেকে রজলীপাড়া এলাকায় ৬৩০ মিটার খাল পুনঃখনন এবং ৬০ মিটার নতুন সংযোগ খাল খননের কাজ সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন।

আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রীপা মনি দেবী ও পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা এই ভালো কাজের প্রশংসা কুড়িয়ে প্রধানমন্ত্রী কর্তৃক শুভেচ্ছা বার্তা পেয়েছেন।

এ বিষয়ে আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রীপা মনি দেবীর সঙ্গে কথা বললে তিনি জানান, গত ৮ তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সারা দেশের ৮৪ জন উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে একটি মতবিনিময় সভা করেন মাননীয় প্রধানমন্ত্রী। এতে এই জেলা থেকে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আমি উপস্থিত ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী আটোয়ারী উপজেলার খাল খনন প্রকল্পের দুই ধারে সবুজ ঘাস লাগানোর বিষয়টিকে গুরুত্বারোপ করে পরবর্তীতে এ ধরনের খাল খনন প্রকল্পে তা অন্তর্ভুক্ত করার জন্য উপস্থিত সব কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেন।

পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা বলেন, "সরকারি অর্থ জনগণের সম্পদ। প্রয়োজনীয় কাজ শেষে অব্যয়িত অর্থ নিয়ম অনুযায়ী সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। উন্নয়নের পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সবসময় কাজ করে যাচ্ছে। এ কাজের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পেয়েছি। এটি নিঃসন্দেহে অনেক উদ্দীপনার। সামনের দিনে এরকম উৎসাহ ভালো কাজে আরও আগ্রহী করে তুলবে।"

 


সম্পর্কিত খবর