আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচার এবং ভোটারদের উদ্বুদ্ধ করতে নড়াইলে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে জেলার ৫০০ জন ইমাম অংশ নেন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম বলেন, “দেশের ইতিবাচক পরিবর্তনের ধারা বজায় রাখতে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের কোনো বিকল্প নেই। মসজিদের ইমামরা সমাজের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, ভোটারদের সচেতন করতে তাঁদের বিশেষ ভূমিকা রাখতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। সভায় বক্তারা জানান, ইমামরা এলাকার মুসল্লি ও সাধারণ ভোটারদের মাঝে ‘হ্যাঁ’ ভোটের সুফল তুলে ধরবেন।
ইসলামিক ফাউন্ডেশন নড়াইলের উপ-পরিচালক ইকরামুল ইসলাম শাওনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস ছালেক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি এম রাহসিন কবির, জেলা তথ্য কর্মকর্তা রোস্তম আলী এবং শাহাবাদ মাজীদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি ওয়াকিউজ্জামানসহ ইসলামিক ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন ফিল্ড অফিসার খন্দকার দেলোয়ার হোসেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা বেলাল হুসাইন।