গাজীপুরে সংবাদ প্রকাশের জেরে হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলে নিজের বিরুদ্ধে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন দৈনিক ‘আমার দেশ’-এর শ্রীপুর প্রতিনিধি এস এম জহিরুল ইসলাম। গাজীপুরের আদালতে দায়ের করা একটি ফৌজদারি মামলায় তাঁকে প্রধান আসামি করা হয়েছে।
জহিরুল ইসলামের দেওয়া তথ্য অনুযায়ী, ২৫১২/২৬ নম্বর মামলায় শাহনাজ নামের এক ব্যক্তি তাঁকে প্রধান আসামি করেছেন। তবে মামলায় উল্লেখ করা ঘটনার সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন তিনি। তাঁর অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকেসহ হুমায়ূন রশিদ, জসিম উদ্দিন ও ইসমাইল হোসেনকে আসামি করা হয়েছে।
জহিরুল ইসলাম জানান, এর আগে শ্রীপুরের তালতলী এলাকার জমিসংক্রান্ত বিরোধ নিয়ে তিনি সংবাদ প্রকাশ করেছিলেন। তাঁর অভিযোগ, ওই সংবাদ প্রকাশের পর আইন উদ্দিন ও তাঁর ছেলে আলমাছ উদ্দিন তাঁকে হয়রানি করার হুমকি দেন। এ ঘটনায় তিনি শ্রীপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে আইন উদ্দিনের মেয়ে শাহনাজের করা মামলায় তাঁকে আসামি করা হয় বলে জানান তিনি। মামলাটিকে উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে হয়রানি বন্ধ ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়া তিনি আরও জানান, মামলায় উল্লেখ করা কথিত ঘটনার বিষয়ে আগে শ্রীপুর থানায় কোনো অভিযোগ করা হয়নি বলে পুলিশ তাঁকে জানিয়েছিল।
লিখিত বক্তব্যে জহিরুল ইসলাম জানান, সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে হয়রানি করা হলে তা স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক। তবে তিনি কাউকে আগাম অপরাধী হিসেবে চিহ্নিত করতে চান না। অভিযোগের সত্যতা যাচাইয়ে মামলার নথি, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি।
তিনি নিজের বিরুদ্ধে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত, ঘটনার সঙ্গে তাঁর সম্পৃক্ততা আছে কি না তা তথ্য-প্রমাণের ভিত্তিতে যাচাই এবং হুমকি ও হয়রানির অভিযোগ অনুসন্ধানের দাবি জানান। তদন্তে অভিযোগ মিথ্যা বা ভিত্তিহীন প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও দাবি করেন তিনি।
এ ছাড়া গাজীপুর ও শ্রীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার অনুরোধ জানিয়ে পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপদ ও স্বাধীন পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন জহিরুল ইসলাম। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে আইনি প্রক্রিয়ায় ন্যায়বিচার নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি।