শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টাঙ্গাইল জেলার ৫৩টি পূজামণ্ডপে অনুদানের চেক প্রদান করেছে জেলা পরিষদ।
জেলার বিভিন্ন পূজামণ্ডপের ধর্মীয় উৎসব উদযাপনে সহায়তার অংশ হিসেবে প্রতিটি পূজামণ্ডপকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।
রোববার (১৮ অক্টোবর) সকালে জেলা পরিষদের হলরুমে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে অনুদানের চেক তুলে দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট ওবায়দুল হক নাসির।
এ সময় তিনি বলেন, “গত বছরের তুলনায় এবার বেশি অনুদান দেওয়া হয়েছে। শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব আনন্দমুখর পরিবেশে উদযাপনে পূজামণ্ডপ উদযাপন কমিটিগুলোকে সহযোগিতা করার লক্ষ্যেই জেলা পরিষদের পক্ষ থেকে এ অর্থ উপহার দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এ দেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই বাংলাদেশি। তাঁর নির্দেশনায় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির নেতাকর্মীরা প্রয়োজনে পূজামণ্ডপ পাহারা দেবেন। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি হিসেবে সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে বসবাস করবেন—এটাই আমাদের প্রত্যাশা।”
তিনি বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্মীয় উৎসব পালনের অধিকার রয়েছে। দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে জন্য সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সামছুন্নাহার স্বপ্না, রসুলপুর পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রীবাস চন্দ্র, সাবালিয়া পূজা উদযাপন কমিটির সভাপতি বিশ্বনাথ, ঘাটাইল উপজেলার লাহেরী বাড়ি পূজা উদযাপন কমিটির সভাপতি গোপীনাথসহ জেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
চেক গ্রহণকারী টাঙ্গাইল বড় কালীবাড়ি পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক সুমন সরকার জেলা পরিষদের এ উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, “ধর্মীয় উৎসব উদযাপনে এ ধরনের সহযোগিতা পূজামণ্ডপগুলোর জন্য সহায়ক ভূমিকা রাখবে।”