চট্টগ্রাম নগরীতে ডাকাতের আস্তানায় থানা থেকে লুট হওয়া পুলিশের ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, উদ্ধার হওয়া গুলিগুলো কোনো থানা থেকে লুট করা হয়েছিল।
শনিবার রাতে নগরের ডবলমুরিং এলাকার ঝরণাপাড়া ডেবার পাড় এলাকায় অভিযান চালিয়ে পুলিশ এসব গুলি উদ্ধার করে।
ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) আহলাদ ইবনে জামিল বলেন, আমরা শাহজালাল নামে এক ডাকাতকে ধরতে অভিযানে গিয়েছিলাম। কিন্তু পুলিশের অভিযানের খবর পেয়ে তিনি পালিয়ে যান। পরে তার আস্তানার মধ্যে থাকা একটি শপিং ব্যাগ থেকে সেভেন পয়েন্ট সিক্স টু চায়না রাইফেলের ১৬ রাউন্ড গুলি পরিত্যাক্ত অবস্থায় জব্দ করি।
তিনি আরও বলেন, ‘অভিযানে আমরা এক রাউন্ড কার্তুজ, একটি কিরিচ, একটি টিপ ছোরা, একটি ছুরি, একটি চাইনিজ কুড়াল, একটি হাতুড়ি জব্দ করেছি। আমাদের ধারণা উদ্ধার হওয়া গুলিগুলো প্রশাসনিক কাজে ব্যবহারের জন্য নির্ধারিত, যা হয়তো কোনো থানা থেকে লুট করা হয়েছিল।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনের মুখে গেল বছরের ৫ আগস্ট বিগত সরকারের পতন ঘটে। ওইদিন বিকেল থেকে রাত পর্যন্ত সর্বস্তরের মানুষের বিজয়োল্লাসের মধ্যে চট্টগ্রাম নগরীর অন্তত ১১টি থানা আক্রমণ করা হয়। আগুন দেওয়া হয় আটটি থানায়। ছয়টি থানা থেকে লুট করে নেওয়া হয় অস্ত্র। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয় কোতোয়ালি, পতেঙ্গা, ইপিজেড, সদরঘাট ও ডবলমুরিং থানা।
বায়ান্ন/প্রতিনিধি/একে