শেরপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে আপন চাচাতো ভাইয়ের হাতে ওয়াসিম (২৫) নামের এক সেনা সদস্য খুন হয়েছেন।
সোমবার (২ ডিসেম্বর) সকালে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের নিজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওয়াসিম ওই গ্রামের জনৈক আবুল হাসেমের ছেলে।
অভিযুক্তরা হলেন- নিহতের চাচা আ. সালাম (৬০) ও তার ছেলে রঞ্জু (২৬)।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে সেনা সদস্য ওয়াসিমদের সাথে তার আপন চাচা আ. সালাম গংদের জমি নিয়ে বিরোধ চলছিলো। গত কয়েকদিন আগে ওয়াসিম তার কর্মস্থল থেকে ছুটিতে বাড়িতে আসেন। সোমবার সকালে সে তাদের খেতে ধান কেটে বাড়ি যাবার সময় চাচা আ. সালাম ও তার ছেলে রঞ্জু ধারালো দা দিয়ে ওয়াসিমকে গলায় কোপ দেয়। পরে স্বজনরা আহত ওয়াসিমকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
খবর পেয়ে শেরপুর সেনা ক্যাম্পের মেজর তাওসিফ সেনা সদস্যদের নিয়ে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতালে যান এবং পরে নিহত সেনা সদস্য ওয়াসিমের গ্রামের বাড়িতে যান।
এব্যাপারে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক সঙ্গীয় ফোর্সসহ জেলা সদর হাসপাতাল মর্গে নিহত ওয়াসিমের মরদেহ সুরতহাল রিপোর্ট তৈরি করেছেন। তিনি জানান, এঘটনায় শেরপুর সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বায়ান্ন/প্রতিনিধি/একে