জামালপুর সদর উপজেলার দিগপাইত উপ-শহরে নবগঠিত ‘জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক প্রেসক্লাব’-এর কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সরিষাবাড়ী প্রেসক্লাবের সভাপতি এস এম ইব্রাহীম হোসাইন লেবুর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সাধারণ সভায় ৫ সদস্যের এই প্রাথমিক কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত এই কমিটিতে কামরুল হাসানকে সভাপতি এবং রমজান আলীকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন— সাংগঠনিক সম্পাদক প্রদীপ চন্দ্র মম, মহিলা বিষয়ক সম্পাদক আসমা বেগম এবং নির্বাহী সদস্য সিফাত মিয়া। সভায় উপস্থিত জামালপুর ও টাঙ্গাইল জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের সম্মতিতে পূর্বের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে এই নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
সভার শুরুতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এসময় বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় শোকের কারণে সংক্ষিপ্ত পরিসরে এই কমিটি ঘোষণা করা হয়েছে বলে সভায় জানানো হয়। নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, আগামী ১৫ দিনের মধ্যে এই ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।