ঢাকা

জামায়াত ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি রাজনৈতিক দল ধর্মের দোহাই দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের ভগদগাজি বাজারে এক নির্বাচনী পথসভায় তিনি এ মন্তব্য করেন।

 

মির্জা ফখরুল বলেন, “নির্দিষ্ট কোনো প্রতীকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে—এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। দেশের প্রখ্যাত আলেমরাও এই ধরনের অপপ্রচার প্রত্যাখ্যান করেছেন।” তিনি আরও উল্লেখ করেন, গত ১৫ বছরে দেশের গণতান্ত্রিক কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জনজীবন বিপর্যয়ের মুখে পড়েছে।

 

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “আমরা ক্ষমতায় গেলে প্রথম ১৮ মাসের মধ্যে এক কোটি বেকারের কর্মসংস্থান নিশ্চিত করব। এ ছাড়া ৫০ লাখ পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য বিশেষ ‘কৃষি কার্ড’ প্রদান করা হবে, যার মাধ্যমে ন্যায্যমূল্যে সার, বীজ ও সেচ সুবিধা মিলবে।”

 

পথসভায় মির্জা ফখরুল গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান। এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



সম্পর্কিত খবর