দেশের খবর

জয়পুরহাটে নারীদের ফুটবল ম্যাচ বন্ধ করতে মাঠে হামলা, টিনের বেড়া ভাঙচুর

জয়পুরহাট জেলার আক্কেলপুরে নারীদের ফুটবল ম্যাচ বন্ধ করতে মাঠে হামলা ও মাঠের চারপাশে দেওয়া টিনের বেড়া ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ মুসল্লিরা। উপজেলার তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে বুধবার (২৯ জানুয়ারি) নারীদের প্রীতি ফুটবল ম্যাচ হওয়ার কথা ছিল। এই খেলা বন্ধ করতে গত মঙ্গলবার বিকেলে এলাকার ‘বিক্ষুব্ধ মুসল্লিরা’ জড়ো হয়ে এই ভাঙচুর করেন।

স্থানীয়রা জানায়, তিলকপুরের স্থানীয় টি স্টার ক্লাবের উদ্যোগে তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠটি টিন দিয়ে ঘেরাও করে প্রায় দেড় মাস ধরে ফুটবল খেলা চলছিল। টি স্টার ক্লাবের সভাপতি উপজেলা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক সামিউল হাসান ইমন। নারীদের ফুটবল খেলার প্রতিটি ম্যাচে মাটিতে বসে ৩০ টাকা ও চেয়ার বসে ৭০ টাকা করে টিকিট বিক্রি করা হয়েছে। 

তিলকপুর বাজারের স্থানীয় বাসিন্দারা জানায়, টি-স্টার ক্লাবের কর্মকর্তারা উচ্চ বিদ্যালয় মাঠ টিন দিয়ে ঘেরাও করে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন। দর্শকদের ৩০ ও ৭০ টাকার টিকিট কেটে ফুটবল খেলা দেখতে হতো। এ নিয়ে স্থানীয়দের মধ্যে সমালোচনা বিরাজ করছিল। সম্প্রতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাঠে টিনের বেড়া অপসারণ করতে এসে দর্শক ও আয়োজকদের রোষানলেও পড়েছিলেন। এঘটনায় একজন গ্রাম পুলিশ আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ বুধবার নারী দলের ফুটবল খেলার আয়োজনের কথা আয়োজকেরা প্রচার করেন। এতে মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে উঠেন। তারা মঙ্গলবার আসরের নামাজের পর খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুর করেন।

তিলকপুর টি স্টার ক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সামিউল হাসান ইমন বলেন, বুধবার বিকেলে জয়পুরহাট-রংপুর নারী ফুটবল দলের খেলা ছিল। মঙ্গলবার আসরের নামাজের পর মুসল্লিরা খেলার মাঠে হামলা চালিয়ে টিনের বেড়া ভেঙে দিয়েছে। এতে লক্ষাধিক টাকার টিন নষ্ট হয়েছে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, নারী টিমের ফুটবল খেলার আয়োজনের কথা তিনি জানতেন না। খেলার মাঠের টিনের বেড়া ভেঙে দেওয়ার ঘটনা ইউএনও স্যার আজ জানিয়েছেন, আজ খেলার আয়োজক ও বিরোধীতাকারীদের সঙ্গে বৈঠকে বসবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলম বলেন, নারী দলের ফুটবল খেলার কথা আমাকে আয়োজকেরা জানায়নি। খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুরের বিষয়টি পরে জেনেছি। আয়োজক ও স্থানীয়দের মধ্যে সমালোচনা বিরাজের কথা জানতে পেরে আজ তাদের নিয়ে বসার কথা রয়েছে।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ

 



সম্পর্কিত খবর