খুলনা

ঝিকরগাছায় রান্না ঘরের গ্রিল কেটে স্পেন প্রবাসীর স্ত্রীকে জবাই করে হত্যা করেছে সন্ত্রাসীরা

যশোরের ঝিকরগাছায় রান্নাঘরের জানালার গ্রিল কেটে ঘরের মধ্যে ঢুকে ফেরদৌসী আলতাফ (৫২) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করেছে সন্ত্রাসীরা। রোববার (১৪ জুলাই) রাত আনুমানিক দুইটার দিকে উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের নওয়ালী গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় নিহতের মেয়ে জান্নাত খাতুনকেও ছুরিকাঘাত করে আহত করেছে তারা। নিহত ফেরদৌসী আলতাফ নওয়ালী গ্রামের স্পেন প্রবাসী আলতাফ হোসেনের স্ত্রী। স্থানীয় বাসিন্দাদের ধারণা, অঙ্গাতনামা সন্ত্রাসীরা রান্নাঘরের গ্রিল কেটে ডাকাতির উদ্দেশ্য ঘরে ঢুকেছিল। ডাকারির বিষয়টি ফেরদৌসী আলতাফ টের পেয়ে যাওয়ায় তার বাম কানের পাশে, ডান হাতের আঙ্গুলে ও বাম বুকে ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময় তার মেয়ে জান্নাত খাতুনকেও ছুরিকাঘাত করে আহত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত জান্নাত খাতুনের চিৎকারে পাশের বাসায় থাকা তার চাচা মিজানুর রহমান মিন্টু ও চাচী নিলুফা খাতুন ঘটনা স্থানে আসেন, তাদের চিৎকারে এলাকার লোকজন আসলে তাদের কে সাথে নিয়ে ঘরে ঢুকে দেখেন ফেরদৌসী আলতাফ ঘরের মধ্যে মৃত অবস্থায় পড়ে আছেন। এ বিষয়ে ঝিকরগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া জানান, ডাকাতি করতে গিয়ে ওই নারীকে হত্যা করা হয়েছে কিনা এটা আমরা নিশ্চিত না। তবে জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে ওই নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। একই সাথে তার মেয়েকেও ছুরিকাঘাতে আহত করা হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটল সেটি আমরা তদন্ত করছি।



সম্পর্কিত খবর