দেশের খবর

ঝিনাইদহে বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে আহত ৬

ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাস ও মালবাহী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছে।

শনিবার আনুমানিক বিকাল ৩টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের বেজপাড়া মৌচিক তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, সবুজ (৩০), শাহাবুদ্দিন (২৬), কিবরিয়া হোসেন (৫০), সুজন (৩৮), লিপি খাতুন (৩০) ও চুপড়া দত্ত (৩৭)। এদেরমধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থা যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করা হয়েছে।  

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শিশির কুমার জানান, দুর্ঘটনায় আহত ৬ জনকে ফায়ার সার্ভিসের কর্মীরা হাসপাতালে এনেছিল। এদেরমধ্যে দুইজনকে ভর্তি করা হয়েছে এবং একজনকে আশঙ্কাজনক অবস্থায় রেফার্ড করা হয়েছে। বাকি তিনজনের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম ও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, শনিবার বিকাল ৩.১৫ মিনিটের দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা খুলনাগামি রুপসা পরিবহনের একটি যাত্রীবাহি বাস ঘটনাস্থলে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে ঝিনাইদহগামি একটি কাভার্ড ভ্যানকে সামনে থেকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় কাভার্ড ভ্যানটি পাশে খাদে দুমড়ে মুচড়ে পড়ে। এছাড়া বাসের গ্লাসসহ সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।



সম্পর্কিত খবর