টাঙ্গাইলের ঘাটাইলে দুই চাচাতো ভাইয়ের পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে।
বুধবার (১১ জুন) রাতে উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের বগা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই ভাইয়ের নাম মো. শাওন (১২) ও মো. নাইম (১০)। তারা সৌদি প্রবাসী জমির উদ্দিন ও হাবিল উদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান তাসলিমা জেসমিন পাপিয়া।
নিহতদের পরিবার জানায়, বুধবার বিকেলে দুই চাচাতো ভাই শাওন ও নাইম নিখোঁজ হয়। পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে রাতে বাড়ির পাশের পুকুর পাড়ে তাদের পায়ের জুতা ও গেঞ্জি পড়ে থাকতে দেখা যায়। পরে রাত ১০ টার দিকে পুকুর থেকে দুই চাচাতো ভাইয়ের মরদেহ উদ্ধার করে এলাকাবাসি। দুই ভাইয়ের কেউ সাঁতার জানতো না বলে জানা গেছে।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, আমরা খবর পেয়েছি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতদের পরিবার আমাদের কাছে কোন অভিযোগ করেনি।