রংপুর

ঠাকুরগাঁওয়ে পাট কর্মকর্তার নির্মাণাধীন বাড়ি ভাঙচুর

ঠাকুরগাঁওয়ে অবিনাশ চন্দ্র রায় নামের এক পাট কর্মকর্তার নির্মাণাধীন বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

রোববার দুপুরে জেলার রুহিয়া উপজেলার থানা-সংলগ্ন প্রগতিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই রুহিয়া থানায় মৌখিক অভিযোগ করা হলে আইনি পদক্ষেপ গ্রহণের জন্য ভুক্তভোগীর কাছে লিখিত অভিযোগ চায় থানা কর্তৃপক্ষ।

ঘটনার বিবরণে ভুক্তভোগী পাট কর্মকর্তা অবিনাশ চন্দ্র রায়ের স্ত্রী সুইটি রানি রায় জানান, "গত কয়েক বছর আগে আমরা এই ৭ শতাংশ জমি দলিলমূলে ক্রয় করি। সম্প্রতি বসতবাড়ি নির্মাণের জন্য প্রয়োজনীয় নির্মাণসামগ্রী এনে জমিতে রাখলে আরিফ ও আতিকসহ স্থানীয় কিছু যুবক আমাদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। আমরা চাঁদা দিতে রাজি না হওয়ায় তারা নির্মাণকাজ বন্ধ করে দেওয়া ও বাড়ি ভাঙচুরের হুমকি দেয়। এর ফলশ্রুতিতে আজ তারা এ কাণ্ড ঘটিয়েছে।"

পাট কর্মকর্তা অবিনাশ চন্দ্র রায় জানান, "আমার নির্মাণকাজে তারা হামলা করে দেয়াল ও ঘর ভেঙে দেয়। বিভিন্ন নির্মাণসামগ্রী লুট করে নিয়ে যায় এবং আমার মিস্ত্রিদের ওপর চড়াও হয়ে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। এতে তারা আমার প্রায় ৪ লাখ টাকার ক্ষতি করেছে। আমি ও আমার পরিবার এমন সন্ত্রাসী কর্মকাণ্ডে নিরাপত্তাহীনতায় ভুগছি।"

রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বদিউজ্জামান জানান, "আমাদের কাছে মৌখিক অভিযোগ এলে লিখিত অভিযোগ দিতে বলি ভুক্তভোগীকে। লিখিত অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।"

 


সম্পর্কিত খবর