শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পটুয়াখালীর বাউফলে অসহায়, দুস্থ ও দরিদ্র সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ৩০০টি শাড়ি বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত শাড়িগুলো প্রধান অতিথি হিসেবে বিতরণ করেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবর্গ ও পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের অধিকার ও মর্যাদা সমান। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব, এ উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আমাদের এগিয়ে আসতে হবে। সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে।”
তিনি আরও বলেন, “ঈদের সময় মুসলমানদের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের মাঝেও সহায়তা দেওয়া হয়েছে। দুর্গাপূজা উপলক্ষে সরকার কর্তৃক বরাদ্দকৃত শাড়িগুলো কোনো রকম ব্যত্যয় ছাড়াই প্রকৃত অসহায়দের মাঝে বিতরণ করা হবে।” পাশাপাশি তিনি জানান, উপজেলার ৬৫টি পূজামণ্ডপে ৬০০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
সভাপতির বক্তব্যে ইউএনও সালেহ আহমেদ বলেন, “অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদযাপনে প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে।”
তিনি জানান, শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন নিশ্চিত করতে প্রতিটি পূজামণ্ডপে ৮ জন করে আনসার-ভিডিপি সদস্য নিয়োগ এবং প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক খালিদুর রহমান, বাউফল পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি নিতাই চন্দ্রসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।