রংপুর

দেবীগঞ্জে জেলা প্রশাসকের বিভিন্ন কর্মসূচির উদ্ধোধন করলেন

পঞ্চগড়ের জেলা প্রশাসক মোহাম্মদ সাবেত আলী দেবীগঞ্জ উপজেলায় বিভিন্ন কার্যক্রম পরিদর্শন, উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় এবং একাধিক উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন। ২৮ অক্টোবর মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি এসব কর্মসূচি পালন করেন। এসময় তাঁর সঙ্গে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

 

 

জেলা প্রশাসক সকালে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন। এরপর তিনি উপজেলা পরিষদ চত্বরে দৃষ্টিনন্দন পানির ফোয়ারা এবং উপজেলা প্রশাসন 'প্রস্ফুটন সংঘ'-এর উদ্বোধন করেন ও সংঘের সদস্যদের সাথে মতবিনিময় করেন। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা নাঈম মোর্শেদ উপস্থিত ছিলেন।

 

পরে তিনি উপজেলা পরিষদের অভ্যন্তরে জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ সাজুর নামে একটি লাইব্রেরির উদ্বোধন করেন। এছাড়া, উপজেলা পরিষদের ভবনের দ্বিতীয় তলায় নবনির্মিত উপজেলা কনফারেন্স রুমের উদ্বোধন করার পর জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

 

 

জেলা প্রশাসক দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইটি ইসিজি মেশিন ও বিশটি সিলিং ফ্যান বিতরণ করেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন ধরসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

দুপুরের দিকে পঞ্চগড় জেলা পরিষদ কর্তৃক গৃহীত প্রকল্পের আওতায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের সামনে সাধারণ মানুষদের মাঝে গরু ও স্প্রে মেশিন বিতরণ করেন। এসময় সমাজসেবা অধিদপ্তর পঞ্চগড়ের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায়, দেবীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু রায়হান এবং মৎস্য কর্মকর্তা রতন কুমার বর্মনও উপস্থিত ছিলেন।

 

 

জেলা প্রশাসক অফিসার্স ক্লাবের সংস্কার (রিনোভেশন) কাজের এবং দেবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ময়নামতির চরের সৌন্দর্য বর্ধন প্রকল্পের উদ্বোধন করেন। এরপর তিনি দেবীগঞ্জ থানা এবং উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। এসময় দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা এবং সহকারী কমিশনার (ভূমি) অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সবশেষে তিনি দেবীগঞ্জ উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।



সম্পর্কিত খবর