পঞ্চগড়ের দেবীগঞ্জে মোকলেছার রহমান (৩৭) নামের এক যুবককে গলাকেটে হত্যার ঘটনায় তার বাবা শাহাবুদ্দিন দেবীগঞ্জ থানায় অজ্ঞাত নামাদের নামে মামলা করেছেন।
এঘটনায় দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনার দিনই অভিযান চালিয়ে ৫জনকে আটক করেছে।
আটককৃতরা হলেন মজিবর রহমান, মোর্শেদা ইয়াসমিন শিল্পী, ইলিয়াস হোসেন, আসাদুজ্জামান মামুন ও বাবুল মিয়া।
এদের মধ্যে থেকে মোর্শেদা ইয়াসমিন শিল্পী ও ইলিয়াস হোসেনকে তিন দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
১২ জুন দেবীগঞ্জ থানায় শাহাবুদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন। দেবীগঞ্জ থানায় মামলা নম্বর ১৩।
মোকলেছার রহমানের লাশ ময়নাতদন্তের জন্য ১৩ জুন সকালে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়। ময়না তদন্তের পর মোকলেছারের মৃতদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের সদস্যরা মৃতদেহ গ্রহন করে পারিবারিক কবরস্থানে দাফন করেন।
উল্লেখ্যে যে, ১১ জুন বুধবার রাতে মোকলেছার রহমানকে বা কারা গলাকেটে জবাই করে হত্যা করে বাড়ির পাশে লাশ ফেলে রাখে। ১২ জুন বৃহস্পতিবার সকাল বেলা পরিবারের সদস্য খোরশেদা বেগম মোকলেছার রহমানের মৃতদেহ বাড়ির পাশে পড়ে থাকতে দেখে।
মোকলেছার রহমান (৩৭) এর বাড়ি দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের খোঁচাবাড়ি এলাকার ধনমন্ডল ঢাকাইয়াপাড়া এলাকায়। তার মীম আক্তার (১৫), মোসলেমা আক্তার (৮) ও আয়শা আক্তার (১৮ মাস) নামে ৩ মেয়ে সন্তান রয়েছে। এ ঘটনায় দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সামুয়েল সাংমা, দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা, দেবীগঞ্জ সেনা ক্যাম্পের উপ অধিনায়ক সিনিয়র ওয়ারেন্ট অফিসার শুকুর আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। মামলাটি তদন্ত করতে সহযোগিতা করছেন সিআইডি, পিবিআই, ডিবির সদস্যরা। মোকলেছার রহমান খোচাবাড়ি বাজারে কসমেটিকসের ব্যবসা করতো।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা জানান, লাশের ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। মোর্শেদা ইয়াসমিন শিল্পী ও ইলিয়াস হোসেনকে ৩ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। যদি প্রয়োজন পড়ে তাহলে পুনরায় রিমান্ডের আবেদন জানানো হবে।