পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য বোয়ালখালীতে গত সপ্তাহে বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে ৮৭ হাজার ৫শত ও অবৈধ পুকুর ভরাটের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এসব অভিযানে সব মিলিয়ে ২৩টি মামলা করা হয়েছে বলে জানিয়েছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
সপ্তাহের বুধবার পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ ও সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা কানিজ ফাতেমা এ অভিযানগুলো পরিচালনা করেন। তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের অতিরিক্ত দাম নিয়ন্ত্রণে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯, বিএসটিআই আইন ২০১৮ এবং পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর সংশ্লিষ্ট ধারায় এ অভিযান গুলোতে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের অতিরিক্ত দাম নেওয়ায় ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় উপজেলা সদর, শাকপুরা, পূর্ব কালুরঘাট বাদামতল, পৌরসভার গোমদন্ডী, ফুলতল, মুরাদ মুন্সির হাট ও চরণদ্বীপ এলাকায় দুটি ভ্রাম্যমাণ আদালতে ২২ মামলায় ৮৭ হাজার ৫০০ টাকা এবং অবৈধভাবে একটি পুকুর ভরাটের দায়ে একজনকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
পিংকু আইসবার কারখানায় নোংরা পরিবেশে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রঙ দিয়ে আইসক্রিম তৈরি এবং বিক্রি করায় কারখানার মালিক উত্তম চৌধুরীকে বিএসটিআই আইন ২০১৮ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বিএসটিআইয়ের অনুমোদনবিহীন সয়াবিন তেল বোতলজাত করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় বাচা মিয়া স্টোরকে ১০ হাজার টাকা এবং ৭লিটার সয়াবিন তেল জব্দ করা হয়।
উপজেলা সদরে বাজার মনিটরিং অংশ হিসেবে বেশি দামে গরুর মাংস বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা আদায় এক প্রতিষ্ঠানকে এবং সতর্ক করা হয়েছে।
অবৈধভাবে একটি পুকুর ভরাটের দায়ে মো. আবুল কালাম মেম্বারকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
তাছাড়া পূর্ব কালুরঘাট বাদামতল এলাকায় আল্লাহর দানকে ৩হাজার, আলী স্টোরকে ৫ হাজার, পেতন শাহ আউলিয়া মাজার গেট সংলগ্ন মা-বাবা স্টোরকে ৫ হাজার, শাকপুরা গোলবাহার ট্রেডার্সকে ৫ হাজার, মুরাদ মুন্সির হাটে আবুল বশর স্টোরকে ৩ হাজার, শাকপুরা মুক্তা স্টোরকে ২ হাজার, শাহজালাল সুপার স্টোরকে ২ হাজার, মক্কা স্টোরকে ১ হাজার, ৮টি ফল ও শাকসবজির দোকানে ৫শত টাকা করে ৪ হাজার টাকা এবং তিনটি প্রতিষ্ঠানকে ৭ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া পৌর সদরের যানজট নিরসনে উপজেলা প্রশাসন সম্মিলিতভাবে অভিযান পরিচালনা করেছে। এতে সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে বসা ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে। একই সাথে ব্যবসায়ীদের ও ক্রেতা সাধারণকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানানো হয়। এছাড়া সড়ক যানজটমুক্ত রাখতে যত্রতত্র পার্কিং না করার জন্য চালকদের সতর্ক করা হয়।
বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ