সম্প্রতি মাগুরায় নির্মম পাশবিক নির্যাতনের শিকার আছিয়ার ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসির দাবি এবং নারী শিশু নির্যাতন বন্ধ ও ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের আহ্বান জানিয়ে বিক্ষোভ করেছে বাংলাদেশ ইসলামী মহিলা মজলিস।
সোমবার (১০ মার্চ) দুপুর ১২টায় রাজধানীতে এই বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করে তারা।
সমাবেশে মহিলা মজলিসের কেন্দ্রীয় দপ্তর সম্পাদিকা জনাবা সুরাইয়া খন্দকার সুমি বলেন, রাষ্ট্রীয়ভাবে এসব অন্যায়ের যথাযথ শাস্তির ব্যবস্থা থাকলে দেশে এই কঠিন পরিস্থিতির উদ্ভব হতো না। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বিধান পাশ করতে হবে এবং তা কার্যকর করতে হবে। দেশে চূড়ান্ত শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে শরিয়া আইন প্রয়োগ ব্যতীত সম্ভব নয়। সুতরাং সমাজে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং অপরাধীদের নির্মূল করতে হলে অবশ্যই ইসলামী শরিয়াহ আইন কার্যকর করতে হবে।
সমাবেশে বাংলাদেশ ইসলামী ছাত্রী মজলিস নেত্রী খন্দকার সাফা বিনতে সাইফ বলেন, আমরা আছিয়ার ধর্ষণকারীদের জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর দেখতে চাই। ইতিপূর্বে জঅই কর্মকর্তা আলেফ কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক মেধাবী ছাত্রকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে তার স্ত্রীকে বারবার ধর্ষণ এবং নির্যাতনের ঘটনা ঘটে । এসব নরপশুদের জনসম্মুখে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। উপদেষ্টারা নারী, শিশু ও জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন।
উম্মে হাবিবা সুলতানা জুঁইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো উপস্থিত ছিলেন মহিলা মজলিস নেত্রী জনাবা শামসুন্নাহার শিরিন, মিসেস দিল আফরোজ, জনাবা নাইমা আক্তার, তাহমিনা আক্তার প্রমুখ।
বায়ান্ন/আরএইচ/পিএইচ