দেশের খবর

নরসিংদীতে বাসের ধাক্কায় ত্রিমুখী সংঘর্ষে শিশুর মৃত্যু আহত ১২

নরসিংদীর পাঁচদোনা-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের চাকশাল মোড়ে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে তৃষা (১২) নামে এক শিশু নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১০ থেকে ১২ জন যাত্রী।
 
রোববার (১৫ জুন) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তৃষা নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ী এলাকার সেলিম মিয়ার মেয়ে। সে একটি সিএনজি চালিত অটোরিকশার যাত্রী ছিল।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ‘যাতায়াত পরিবহনের’ একটি বাস বেপরোয়া গতিতে চাকশাল মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশ থেকে আসা একটি মাইক্রোবাসেও ধাক্কা দেয়। এতে অটোরিকশা ও মাইক্রোবাস দুমড়ে-মুচড়ে যায়।
 
দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যায় শিশু তৃষা। আহত যাত্রীদের স্থানীয়রা উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল ও ঘোড়াশালের রৌশন জেনারেল প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন।
 
মাধবদী থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল রানা জানান, বাস-মাইক্রোবাস-সিএনজির ত্রিমুখী সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া প্রাথমিকভাবে শুরু হয়েছে।


সম্পর্কিত খবর