নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের ধনারচর এলাকার একটি কলাবাগান থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (প্রায় ৩৩ বছর বয়স) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ জুন) সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে পাঁচদোনা-চরসিন্দুর আঞ্চলিক সড়কের পাশের একটি কলাবাগানে রক্তাক্ত মরদেহটি পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। পরে পলাশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, নিহত যুবকের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শনিবার (১৪ জুন) রাতের কোনো এক সময় তাকে হত্যা করে দুর্বৃত্তরা কলাবাগানে ফেলে রেখে গেছে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, “মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তে পিবিআই ঘটনাস্থল থেকে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে। আমরা তদন্ত শুরু করেছি।”
তিনি আরও বলেন, “হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে স্থানীয়দের সঙ্গে কথা বলাসহ আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, যত দ্রুত সম্ভব হত্যার রহস্য উন্মোচন ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।